মোজাম্বিকে সেনা অস্ত্রাগারে বিস্ফোরণ, নিহত ৭২
মোজাম্বিকের রাজধানী মপুতুর সেনা অস্ত্রাগারে বিস্ফোরণে ৭২ জন নিহত হয়েছেন। এতে আরও প্রায় ২০০ জন আহত হন। বৃহস্পতিবার রাতে শুরু হয়ে ওই বিস্ফোরণ দীর্ঘক্ষণ চলতে থাকে। এ ঘটনায় পার্শ¦বর্তী মপুতু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
বিস্ফোরণে অস্ত্রাগারসহ আশপাশের এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মারাত্মক জখম অবস্থায় বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের অনেকের হাত পা সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছিন্নভিন্ন হয়ে যায়। অ্যাম্বুলেন্সের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি গাড়ি উদ্ধারকাজে অংশ নেয়।
স্বাস্থ্যমন্ত্রী ইভো পাওলো গ্যারাদিও শুক্রবার জানিয়েছেন, তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
রেডিও মোজাম্বিক জানিয়েছে, “প্রায় ২০ টনের মতো পুরনো অস্ত্রশস্ত্র মজুদ রাখা ছিল ওই অস্ত্রাগারটিতে। বিস্ফোরণের ফলে মর্টার বোমা এবং রকেট জ্বলে গিয়ে নগরীর আবাসিক এলাকায় আঘাত হানে সেগুলো। এসব মর্টার ও রকেট বিস্ফোরণে মালহাজাইন এলাকার বেশকিছু বাড়িঘর বিধ্বস্ত হয়।”
এদিকে এ দুর্যোগের কারণে দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করেছেন মোজাম্বিকের প্রেসিডেন্ট আরমান্দো গুয়েবুজা।
