২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোগাদিসুতে শান্তিরক্ষীদের ওপর হামলা, নিহত ১১

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের ওপর বুধবার গ্রেনেড হামলা চালিয়েছে ইসলামি জঙ্গিরা। এতে নিহত হয়েছেন নয় জন বেসামরিক লোক। এছাড়া জঙ্গিদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষে নিহত হন আরও দুই জন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 01:26 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার জানান, শান্তিরক্ষীদের লক্ষ করে চালানো রকেট চালিত একটি গ্রেনেড আঘাত হানে মোগাদিসুর একটি রেস্তোরাঁয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নয় জন।

মোহাম্মদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান তিনি ঘটনাস্থলে নয়টি লাশ দেখেছেন। তিনি বলেন, “রেস্তোরাঁটিতে মানুষের ছিন্নভিন্ন মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল।”

রকেট হামলার পরপরই সংঘর্ষ বেধে যায় শান্তিরক্ষীদের সঙ্গে জঙ্গিদের। মোহাম্মদ জানান, এ সময় উগান্ডার সেনারা জঙ্গিদের লক্ষ করে ব্যাপক গুলি চালায়। গোলাগুলির পর রেস্তোরাঁটির একটু দূরে দুটি লাশ পড়ে থাকতে দেখেন বলে জানান তিনি।

তবে ওই লাশগুলো জঙ্গিদের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আর এ হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষী বাহিনীর প্রথম দলটি মঙ্গলবার সোমালিয়ার পৌঁছায়। দলের সদস্যরা সবাই উগান্ডার সেনা।