২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আমেরিকার ৫ দেশ সফর শুরু করছেন বুশ

সপ্তাহব্যাপী সফরে বৃহস্পতিবার ওয়াশিংটন ছাড়ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাবি¬ও বুশ। এই সফরে কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল, গুয়েতেমালা ও মেক্সিকো যাবেন তিনি। আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারই বুশের এই সফরের মূল লক্ষ্য।

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 04:26 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সফর শুরুর আগ মুহূর্তে কলম্বিয়ার আরসিএন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট বুশ জানান, এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নেই সফরে বেরুচ্ছেন তিনি। পাশাপাশি দেশগুলোর মানুষের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে গভীরভাবে চিন্তা করে, তাও জানান দিতে চান প্রেসিডেন্ট বুশ।

তিনি বলেন, “আমরা আপনাদের বন্ধু হতে চাই এবং জানাতে চাই অন্যদের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর একটি নীতি আমরা খুঁজে পেয়েছি।”

ল্যাতিন আমেরিকায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কেমন ধরনের সরকার চায় তা নির্ধারণের ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের পূর্ণ স্বাধীনতা রয়েছে।”

চলতি সপ্তাহের শুরুতে ল্যাতিন আমেরিকার জনগণের বাসস্থানের জন্য ৩ কোটি ৮৫ লাখ ডলার সাহায্য দেওয়ার ঘোষণা দেন বুশ। তিনি আরও বলেন, আগামী জুন মাসে তিনি ল্যাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ৮৫ হাজার রোগীর চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ‘কমফোর্ট’ নামে নৌবাহিনীর একটি মেডিকেল জাহাজ পাঠাবেন।

এদিকে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, শাভেজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছাই নেই বুশের। ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে শাভেজ জাতিসংঘে বুশকে ‘শয়তান’ বলে আখ্যায়িত করায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এদিকে বুশ যখন উরুগুয়ে সফরে যাবেন তখন আর্জেন্টিনায় বুশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

এছাড়াও কলম্বিয়ার বোগোটায় প্রায় ২ হাজার ছাত্র-- ছাত্রী ও ইউনিয়ন নেতারা বুশের আগমনের প্রতিবাধে বুধবার ববিক্ষোভ করে।

তবে এই সব বিক্ষোভ নিয়ে ভাবতে চাইছেন না বুশ। উপরন্তু স্প্যানিশ টেলিভিশন নেটওয়ার্ক ‘ইউনিভিশন’কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “আমি তো গর্ব বোধ করছি যে এমন একটি অঞ্চলে আমি বাস করছি যেখানে স্বাধীন মত প্রকাশের, বিক্ষোভ করার স্বাধীনতা রয়েছে।”