চীনের সঙ্গে যুদ্ধে সায় ছিল না সম্রাট হিরোহিতোর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্নে চীনের সঙ্গে যুদ্ধে সায় ছিল না জাপানের তৎকালীন সম্রাট হিরোহিতোর। সম্রাটের গৃহাধ্যক্ষের দিনলিপি ঘেঁটে সম্প্রতি পাওয়া গেছে এমন তথ্য। শুক্রবার তা প্রকাশ করেছে একটি জাপানি পত্রিকা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভে ১৯৩৭ সালে ৭ জুলাই ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে চীন ও জাপান। সম্রাটের গৃহাধ্যক্ষ ও তত্ত্বাবধায়ক কুরাজি ওগুরার দিনলিপি থেকে জানা যায়, সম্রাট হিরোহিতো ওই যুদ্ধ চাননি। আর যুদ্ধ দীর্ঘস্থায়ী করার ইচ্ছাও তার ছিল না।
কুরাজির দিনলিপিতে আরও বলা হয়, হিরোহিতো ধারণা করেছিলেন তার দেশ চীনের সামরিক শক্তিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। তাছাড়া যুদ্ধের পরিণতির নিয়েও দূরদর্শিতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে জাপানের ইম্পেরিয়াল আর্মি।
হিরোহিতোর নানা মন্তব্য উদ্ধৃতি আকারেই দিনলিপিতে স্থান দিয়েছিলেন কুরাজি। একটি উক্তি ছিল এ রকম, “জাপান আসলে চীনের শক্তিকে গুরুত্ব দিচ্ছে না। চীনের সঙ্গে যুদ্ধ আমাদের এখনি বন্ধ করা উচিত। সামনের ১০ বছর আমাদের শুধু নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া দরকার। শক্তিতে চীনের কাছাকাছি পৌঁছাতে নিজেদের প্রস্তুত করে নেওয়া দরকার। তাছাড়া, একবার যুদ্ধ শুরু করলে মাঝপথে তা থামানো যায় না। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যুদ্ধ শেষ করা। এজন্য যুদ্ধ শুরুর আগেই চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া জরুরি। কারণ, একবার শুরু করলে এগিয়ে বা পিছু হটা ছাড়া কোন পথ খোলা থাকে না।”
১৯৪১ সালের জানুয়ারিতে হিরোহিতোর করা এই উক্তি ছেপেছে জাপানি দৈনিক আসাহি শিম্বুন।
