২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল টাইগারদের ৪টি ঘাঁটি দখল করেছে শ্রীলঙ্কার সেনাবাহিনী

শ্রীলঙ্কার উত্তর পশ্চিমাঞ্চলে তামিল বিদ্রোহীদের চারটি ঘাঁটি দখল করেছে সেনাবাহিনী। বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর শুক্রবার সকালে ঘাঁটিগুলোর দখল নেওয়া হয় বলে সেনাবাহিনী জানায়। তবে তামিল টাইগাররা দাবি করেছে, ঘাঁটিগুলো ছিল পরিত্যক্ত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 05:42 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার প্রসাদ সামারাসিঙ্গে বলেন, “ত্রিঙ্কোমালি জেলার দুর্গম এলাকায় বিদ্রোহীদের তিনটি স্থায়ী ও একটি অস্থায়ী ঘাঁটির দখল নিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর গোলাবর্ষণ ও রকেট হামলায় টিকতে না পেরে পিছু হটে বিদ্রোহীরা।”

বিদ্রোহীরা গ্রামবাসীর জীবন অতিষ্ঠ করে তোলার কারণেই এই অভিযান চালানো হয় বলে জানান তিনি।

এদিকে এলটিটিই জানিয়েছে, যে ঘাঁটিগুলোর পতন হয়েছে, সেগুলো পরিত্যক্ত। সংগঠনের মুখপাত্র রাসিয়া ইলানথিরায়ন টেলিফোনে রয়টার্সকে বলেন, “আমরা ২৪ বছর ধরে এই এলাকায় আছি। ত্রিঙ্কোমালির জঙ্গলে রয়েছে আমাদের অনেক ঘাঁটি। যার মধ্যে অনেকগুলোই পরিত্যক্ত। আর সেনাবাহিনী জঙ্গলের কিছুই দখল করতে পারেনি। তারা কিছু জায়গা দিয়ে হেঁটে গেছে মাত্র।”

এই অভিযানের মধ্য দিয়ে সরকার পুরোদস্তুর যুদ্ধ শুরু করেছে অভিহিত করে পাল্টা হামলারও হুমকি দিয়েছে এলটিটিই।