ভণ্ডামির জন্য বুশকে স্বর্ণপদক দেওয়া দরকার: শাভেজ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশের লাতিন আমেরিকা সফরের শুরুতে আবারও তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। লাতিন আমেরিকার দারিদ্র্য নিযে বুশের বক্তব্যকে ভণ্ডামি বলে আখ্যায়িত করেন তিনি।
একদিনের সফরে বৃহস্পতিবার আর্জেন্টিনায় পৌঁছেন হুগো শাভেজ। বুয়েন্স আয়ারস নেমেই সাংবাদিকদের তিনি বলেন, “কপটতা আর ভণ্ডামির জন্য বুশকে স্বর্ণপদক দেওয়া দরকার। এতোদিন পর তিনি আবিষ্কার করলেন আমাদের দারিদ্র্য! আর তাই এ নিয়ে মায়াকান্না জুড়েছেন। আমাদের দারিদ্র্যের আসল কারণ তো যুক্তরাষ্ট্রই।”
শুক্রবার বুয়েন্স আয়ারসের স্টেডিয়ামে বামপন্থীদের সমাবেশে যোগ দেবেন শাভেজ। ওই দিনই আর্জেন্টিনার প্রতিবেশী রাষ্ট্র উরুগুয়ে সফরে আসবেন প্রেসিডেন্ট বুশ।
বলিভিয়া, আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলার মতো প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশগুলোকে নিয়ে একটি ত্রিদেশীয় জোট গড়ে তোলার লক্ষ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নেস্টর কার্শনারের সঙ্গে আলোচনা করবেন বলে জানান শাভেজ। একই বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে আর্জেন্টিনা থেকে বলিভিয়া যাবেন তিনি।
বন্যা কবলিত বলিভিয়াকে কয়েক মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র“তি দিয়েছে ভেনেজুয়েলা।
