ইরাক--সংঘাত থেকে বিরত থাকতে প্রতিবেশী দেশ ও বহির্বিশ্বের প্রতি মালিকির আহ্বান
ইরাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এবং গোষ্ঠীগত সহিংসতায় মদদ যুগিয়ে দেশটির আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। ইরাক সংকট নিরসনে এ যাবৎকালে সবচেয়ে বড় রাজনৈতিক উদ্যোগ হিসেবে শনিবার বাগদাদে আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের সঙ্গে ইরান ও সিরিয়াসহ অন্যান্য আরব দেশগুলো এক টেবিলে বসেছে বাগদাদের এ সম্মেলনে।
মালিকি বলেন,“ নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে ইরাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি দৃঢ় ও স্পষ্ট অবস্থান গ্রহণ করে ইরাক থেকে সন্ত্রাসী শক্তি নির্মূলে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।”
ইরাকে শিয়া সুন্নি গোষ্ঠীগত সহিংসতা প্রসঙ্গে কোন দেশের নাম উল্লেখ না করে মালিকি বলেন,“ কোনো একটি নির্দিষ্ট দল, জাতিসত্ত্বা কিংবা সম্প্রদায়কে সমর্থন করার মাধ্যমে ইরাকের রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ করা কিংবা তাকে প্রভাবিত করা থেকে বিরত থাকার জন্য আঞ্চলিক রাষ্ট্রসমূহ ও বহির্বিশ্বের প্রতি দাবি জানাচ্ছি আমরা।”
দেশটিকে একটি সর্বাত্মক গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে এবং চলমান সহিংসতা যাতে ইরাক সীমান্তের বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য পদক্ষেপ গ্রহণ করতে শিয়া সুন্নি বিরোধ নিষ্পত্তিকেই একমাত্র সমাধান বলেও মন্তব্য করেন মালিকি।
ইরাকি প্রধানন্ত্রীর উদ্বোধনী ভাষণের পরই সম্মেলনে যোগদানকারী দেশগুলোর প্রতিনিধিরা রুদ্ধদ্বার বৈঠকে বসে পড়েন।
একদিনের এ সম্মেলনে যুক্তরাষ্ট্র এবং ইরান ও সিরিয়ার একত্রে বৈঠকে বসার দিকেই ছিল সবার মনোযোগ। কথা উঠেছিল ইরান -- মার্কিন দ্বিপাক্ষিক বৈঠকে বসার সম্ভাবনা নিয়েও। কিন্তু পরমাণু কর্মসূচিকে ঘিরে দেশদুটির উত্তেজনা বাড়তে থাকায় আগেই এমন বৈঠকের সম্ভাবনা নাকচ করে দেয় তারা। শনিবার সম্মেলনের আনুষ্ঠানিকতার মাঝেও ইরানি ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে কোনোপ্রকার ভাব বিনিময়ের নমুনা দেখা যায়নি।
