২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় আবারও হামাস - ফাতাহ সংঘর্ষ, নিহত ১

ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার আলোচনার মধ্যেই গাজায় ফাতাহ - হামাস সংঘর্ষ বেঁধেছ আবার। এতে নিহত হয়েছেন এক হামাস কর্মী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 11:50 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

রোববার ভোরে উত্তর গাজার বেইত হানুন শহরে সংঘর্ষ বাধে ফিলিস্তিনের বিবদমান দুই পক্ষের। প্রথমে গোলাগুলি এবং পরে মর্টার ও রকেট চালিত গ্রেনেড নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় হামাস ও ফাতাহ কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে নিহত হন হামাস কর্মী মোহাম্মদ আল  কাফারনা। এছাড়া আহত হন দুই ফাতাহ ও এক হামাস কর্মী।

নিহত আল কাফারনা হামাস সরকারের বিশেষ বাহিনীর সদস্য বলে জানা গেছে। সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সমর্থিত ফাতাহ দলের মুখপাত্র আবদেল হালিম আওয়াদ দাবি করেন, আল আকসা বিগ্রেডের একটি গাড়িতে হামাস সমর্থকরা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এরপর বেইত হানুনের ফাতাহ কার্যালয়ে হামাস কর্মীরা হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী গাজায় টহল জোরদার করে। হামাস সদস্যদের গাড়ি তল্লাশির জন্যও মোড়ে মোড়ে চেকপয়েন্ট বসানো হয়েছে।

  গাজার পাশাপাশি পশ্চিম তীরেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শনিবার সেখানে এক হামাস মন্ত্রীর গাড়ি বহরে ফাতাহ গেরিলারা গুলি চালায়। এর জবাবে আল কুদস বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় হামাস সমর্থকরা। তাদের গুলিতে আহত হন ফাতাহ সমর্থক এক ছাত্র নেতা।

এদিকে প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া জানিয়েছেন, বুধ কিংবা বৃহস্পতিবারের মধ্যেই ঐকমত্যের সরকার চূড়ান্ত হবে বলে তিনি আশাবাদী।

শনিবার এক টিভি সাক্ষাৎকারে হানিয়া বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর পদ নিয়ে দুই পক্ষের মধ্যে যে মতবিরোধ ছিল, তা কেটে যাচ্ছে। ”

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আরব দেশগুলোর এক সম্মেলনে যোগ দিতে তিনি সৌদি আরব যাচ্ছেন বলেও জানান ইসমাইল হানিয়া।

অন্যদিকে রোববার জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে বৈঠকে বসছেন মাহমুদ আব্বাস। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনি সরকার যদি ইসরায়েলের অস্তিত্ব স্বীকার না করে তাহলে কোনো নিষেধাজ্ঞাই তোলা হবে না। আর বৈঠকে এ বিষয়টি ফিলিস্তিনি প্রেসিডেন্টকে পুনর্বার জানিয়ে দেবেন ওলমার্ট।