২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আরও ৪৪০০ সেনা পাঠাচ্ছেন বুশ

ইরাকে আরও ৪ হাজার ৪৪০ সেনা পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশ। শনিবার হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 11:10 AM

Updated : 26 Apr 2022, 02:07 PM

ইরাকে অতিরিক্ত ২১ হাজার সেনা মোতায়েনের ঘোষণা গত জানুয়ারিতে দিয়েছিলেন প্রেসিডেন্ট বুশ। নতুন সিদ্ধান্তের ফলে সে সংখ্যা আরও বাড়ল।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র গর্ডন জনড্রো জানান, নতুন সেনাদের মধ্যে ২৪০০ বিভিন্ন কারাগারের বন্দিদের নিয়ে কাজ করবেন। কেননা ইরাকে সাম্প্রতিক সময়ে কারাবন্দির সংখ্যা বেড়ে গেছে। আর বাকি দুই হাজার মূল বাহিনীর সঙ্গে যুক্ত হবে।

এদিকে, ইরাক ও আফগানিস্তানে সামরিক ব্যয়ে ১০০ বিলিয়ন ডলারের বাজেট ইতোমধ্যেই কংগ্রেসে উত্থাপন করেছেন প্রেসিডেন্ট বুশ। এনিয়ে প্রশ্নও তুলেছেন ডেমোক্রেটরা।

এখন নতুন সেনাদের জন্য ৩ শ কোটি ডলার বরাদ্দ দেখিয়ে সেই বাজেট সংশোধনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির কাছে চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট বুশ।

শুক্রবার তিনি চিঠিতে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন জনড্রো। শনিবার তা পাঠানো হয়।

চিঠিতে জর্জ বুশ বলেন, “ইরাক ও আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং মাতৃভূমিকে সন্ত্রাসবাদের কবল থেকে রক্ষায় নতুন সিদ্ধান্তের আলোকে বাজেট সংশোধন করা হয়েছে। সেনা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে ইরাকে অতিরিক্ত সেনা পাঠানো তো দূরের কথা, সেখানে মোতায়েন সেনাদেরই এ বছরের মধ্যে ফিরিয়ে আনতে চায় ডেমোক্রেটরা। ফলে বুশের বাজেট অনুমোদন করিয়ে নেওয়া বেশ কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লষকরা।