বাগদাদে সম্মেলনে সরাসরি আলোচনায় অংশ নিল ইরান ও যুক্তরাষ্ট্র
বৈরী অবস্থানের মধ্যেই বাগদাদে শনিবার আলোচনায় বসেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। বাগদাদ সম্মেলনে দুই দেশের একসঙ্গে অংশ নেওয়া নিয়ে কৌতূহল ছিল বিশ্বজুড়েই। প্রাণবন্ত পরিবেশেই আলোচনা হয় বলে জানিয়েছেন দুই দেশের কর্মকর্তারাই। তবে আলোচনায় উঠেনি ইরানের পরমাণু ইস্যুটি। তা সীমাবদ্ধ ছিল শুধু ইরাক নিয়েই।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশায়ের জেবারি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়েছে।
একই কথা বলেন ইরাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জালমে খলিলজাদও। তার ভাষায়, “দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে এবং তা হয়েছে আনন্দঘন পরিবেশেই।”
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে রুদ্ধদ্বার বৈঠকে বসেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। দীর্ঘ একটি টেবিলের দুই প্রান্তে ছিলেন ইরাকি ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। আর ইরানি কর্মকর্তা আসন নেন ইরাকি প্রতিনিধির পাশেই।
বৈঠক শেষে একই কক্ষে সংবাদ সম্মেলন করেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। তবে এক সময়ে নয়। আর দুই দেশের প্রতিনিধিরা ওই কক্ষে ঢোকেন পৃথক দরজা দিয়ে।
সংবাদ সম্মেলনে জালমে খলিলজাদ জানান, তিনি ইরানের প্রতিনিধিদের সঙ্গে করমর্দন এবং কুশল বিনিময় করেন। আলোচনার বিষয়বস্তু নিয়ে খলিলজাদ বলেন, "এটা ব্যবসায়িক আলোচনার মতো গঠনমূলক ছিল।"
তবে এই দ্বিপাক্ষিক আলোচনার ভবিষ্যত পরিণতি বিষয়ক জল্পনাকে নিরুৎসাহিত করে দিয়ে তিনি বলেন, "আসলে এই আলোচনার প্রভাব বিষয়ে অতিরঞ্জনে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে।"
খালিলজাদ বলেন, “ইরানের প্রতিনিধিকে জানানো হয়েছে, ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ।” একই বিষয়ে সিরিয়ার প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
ইরান ও সিরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার কোনো পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, “এ মুহূর্তে এ প্রসঙ্গে আমার এখনই কিছু বলার নেই।"
ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাগাচি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির আলাদা কোনো বৈঠক হয়নি, বৈঠকের অংশ ছিল সবাই। আর যেটুকু আলোচনা হয়েছে, তা ছিল ইরাক নিয়েই।
ইরানি মন্ত্রী বলেন, “আমি ইরাক থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছি। পাশাপাশি ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর যে অভিযোগ করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে বলেছি, এ ধরনের কোনো তৎপরতা আমাদের নেই। এছাড়া ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক ছয় ইরানি কূটনীতিবিদের মুক্তিও দাবি করেছি আমরা।"
তবে খলিলজাদ সাংবাদিকদের বলেন, “আটককৃতরা যে ইরান দূতাবাসের কর্মচারী এ ধরনের কোনো প্রমাণ তারা হাজির করতে পারেনি।”
সংবাদ সম্মেলনে আব্বাস আগারাচি আরও বলেন, “ইরাকে বিদেশি শক্তির উপস্থিতিই সহিংসতায় ইন্ধন যোগাচ্ছে। দখলদারিত্বের অবসানের জন্যই সন্ত্রাসী হামলা হচ্ছে।”
দীর্ঘমেয়াদে বিদেশি শক্তির উপস্থিতি ইরাকে নিরাপত্তার জন্য সহায়ক হবে না, উল্লেখ করে ইরানি মন্ত্রী বলেন, “বিদেশি সেনা প্রত্যাহারে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে।”
তবে সামরিক উপস্থিতির ব্যাখ্যায় মার্কিন রাষ্ট্রদূত খলিলজাদ বলেন, “ইরাক সরকারের অনুরোধেই বহুজাতিক বাহিনী সেখানে অবস্থান করছে।”
ইরাকি গেরিলারা ইরানের সহায়তা পাচ্ছে, এমন অভিযোগ মানতে নারাজ আব্বাস আরাগাচি। উল্টো তিনি এর জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবে বিভিন্ন বহুজাতিক আলোচনায় দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি হলেও দ্বিপাক্ষিক আলোচনার কোনো উদ্যোগ নেয়নি তারা।
