২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে দুটি বোমা বিস্ফোরণে ২৯ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদে দুটি বোমা বিস্ফোরণে রোববার ২৯ জন নিহত হয়েছেন। বিস্ফোরণ দুটিতে আহত হয়েছেন আরও ২৮ জন। ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং ইরান ও সিরিয়াসহ প্রতিবেশী দেশগুলোর অংশগ্রহণে বাগদাদে একদিনের আঞ্চলিক সম্মেলনের পরদিনই এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 07:45 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

বাগদাদের মধ্যস্থলে কাররাদা এলাকায় রোববার শিয়া ধর্মানুরাগীদের বহনকারী একটি লরিকে লক্ষ্য করে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়। এতে ১৯ জন নিহত এবং আরও ২০ জন আহত হন। একটি ধর্মানুষ্ঠান শেষে লরিটিতে করে কারবালা থেকে ঘরে ফিরছিলেন শিয়া তীর্থযাত্রীরা। সেসময় আগে থেকে ওৎ পেতে থাকা গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

অন্যদিকে পূর্ব বাগদাদে একটি মিনিবাসের ভেতরে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী বোমা হামলাকারী। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং আরও ৮ জন আহত হন। বোমাটি তার শরীরে বাঁধা ছিল বলে ধারণা করা হচ্ছে।

বাগদাদের পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা এসব তথ্য জানান।