চীনে বিক্ষুব্ধ কৃষক - শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
চীনের হানান প্রদেশে সোমবার বিক্ষুব্ধ শ্রমিক ও কৃষকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় প্রচুর গাড়ি ভাংচুর করে বিক্ষোভকারীরা।
সরকারি নীতির প্রতিবাদে প্রদেশের ইয়াংঝু শহরে নেমে আসে হাজার হাজার কৃষক ও কর্মচ্যুত শ্রমিক। পুলিশ বাধা দিলে বিক্ষোভ সহিংস আকার ধারণ করে।
স্থানীয় এক কর্মকর্তা জানান, বিক্ষোভকারীরা ব্যাপক সংখ্যক গাড়ি ভাংচুর করে এবং পুলিশের ওপর হামলা চালায়। সংঘর্ষে আহত হন অনেকে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে বলে জানান ওই কর্মকর্তা।
একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, পরিবহণ ভাড়া বাড়ানোর প্রতিবাদে ওই বিক্ষোভের ডাক দেওয়া হয়।
ধনী-গরিব বৈষম্য এবং সরকারি খাতে দুর্নীতি বৃদ্ধি পাওয়ায় চীনে গণবিস্ফোরণ দেখা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
