চীন ধীরে ধীরে মৃত্যুদণ্ড কমিয়ে আনবে
বিশ্বের সবচেয়ে বেশী মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ চীন ক্রমান্বয়ে মৃত্যুদণ্ড কমিয়ে আনবে। মৃত্যুদণ্ডের প্রয়োগ কমিয়ে আনা, এর অপপ্রয়োগ রোধ এবং জবরদস্তি করে নেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে কাউকে অপরাধী হিসেবে শনাক্ত করাসহ আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা মানবাধিকার লঙ্ঘন নির্মূল করতে চীনের সর্বোচ্চ আদালত সম্প্রতি একটি আইন জারি করেছে। চীনের বার্তা সংস্থা রোববার একথা জানায়।
নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ভাষ্যমতে চীনে প্রতি বছর অন্তত ১০,০০০ লোককে মৃত্যুদন্ড দেওয়া হয় । অন্যান্য মানবাধিকার সংস্থার হিসেবে অনুমিত মৃত্যুদণ্ডের সংখ্যা বছরে ৫,০০০ থেকে শুরু করে ১২,০০০।
চীনে অনেক অপরাধের শাস্তিই হতে পারে মৃত্যুদন্ড, এমন কি অহিংস অপরাধ যেমন দুর্নীতি ও কর ফাঁকির অভিযোগেও আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারে অপরাধীকে। লঘু পাপে গুরু দণ্ডের নজিরও আছে।
নতুন পাস করা আইনে মৃত্যুদণ্ড দেওয়ার চুড়ান্ত অধিকার দেওয়া হয়েছে চীনের সুপ্রিম পিপলস কোর্টকে। ফলে স্থানীয় আদালতের ক্ষমতা হ্রাস পেলো। স্থানীয় আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের অনেক আদেশ যথার্থ ছিলো না বলে চীনের সংবাদ পত্রে বেশকিছু প্রতিবেদন প্রকাশ হয়। গত বছর বেশ কিছু অন্যায় মৃত্যুদন্ডের সাক্ষ্য-প্রমাণ প্রকাশিত হয় সংবাদপত্রে।
তবে খুব শীগগিরই মৃত্যুদণ্ড বন্ধ হয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে না। চীনের বার্তা সংস্থা জানিয়েছে, নতুন জারি করা এ আইনের ভাষ্য মতে, “দোষী ও সন্দেহভাজন অপরাধী যেন পূর্ণ আইনি অধিকার পায় এটা নিশ্চিত করতে হবে। দোষী ও সন্দেহভাজনদের আইনি অধিকার খর্ব করা বা রদ করার প্রবণতা বন্ধ করতে হবে, এ প্রবণতার ফলে অবিচারের শিকার হচ্ছে অপরাধীরা।”
“নির্যাতনের মাধ্যমে গৃহীত স্বীকারোক্তি চুড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচিত হবে না আদালতে।” যদি আইনপ্রয়োগকারী সংস্থার কেউ নির্যাতন করেছে বলে প্রমাণ হয়, তবে প্রচলিত আইনে তার বিচার হবে। আদালত এ ধরনের ভুলের পুনারাবৃত্তি না করার আদেশ দিয়েছে পুলিশকে।
চীনের সর্বোচ্চ আদালতের জারি করা এ আইনে পুলিশ, মন্ত্রণালয় ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে মৃত্যুদণ্ড প্রাপ্তদের রাস্তায় প্যারেড করানোর রীতিকে বন্ধ করার আদেশ দিয়েছেন।
চীনের বড় বড় শহরগুলোতে এখন মৃত্যুদড প্রাপ্তদের প্যারেড অনুষ্ঠিত না হলেও বিচ্ছিন্ন ও দুর্গম এলাকায় এখনও মাঝে মাঝে মৃত্যুদণ্ড প্রাপ্তদের প্যারেড অনুষ্ঠিত হয়। আদালতের নির্দেশ মৃত্যুদণ্ডের ঘোষণা সবার সামনে ঘোষণা করা হবে তবে তাদের প্যারেড করানো নিষিদ্ধ।
