২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া প্রশ্নে আশাবাদী এলবারাদি

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এলবারাদি উত্তর কোরিয়া সফরে সাফল্যের আশা করছেন। দুই দিনের সফরে মঙ্গলবার বেইজিং থেকে উত্তর কোরিয়ায় রওনা হন তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 03:31 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

পরমাণু নিরস্ত্রীকরণে ছয়জাতি চুক্তি অনুসারে দেশটির পরমাণু কার্যক্রমের বর্তমান হালচাল পর্যালোচনা এবং নিরস্ত্রীকরণ বিষয়ে আইএইএ পরিদর্শক দল পাঠানো তার এ সফরের লক্ষ্য।

২০০২ সালের পর আইএইএর কোনো পরিদর্শককে উত্তর কোরিয়ায় ঢুকতে দেয়নি দেশটি। সে বছরই পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায় তারা। এর কদিন পরেই ‘পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি’ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় উত্তর কোরিয়া।

কিন্তু ফেব্র“য়ারি মাসে ছয়জাতি বৈঠকে জ্বালানি কিংবা নগদ সাহায্যের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়া সম্মত হওয়ার পর নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। চুক্তি অনুযায়ী প্রথমেই দেশটির প্রধান পরমাণু স্থাপনা ‘ইয়ংবিয়ন’ পরমাণু প্রকল্প বন্ধ করে দেওয়ার কথা।

কবে, কীভাবে এ পরমাণু স্থাপনা বন্ধের কাজ শুরু করা হবে তা নিয়ে আলোচনা করবেন এলবারাদি। ইয়ংবিয়ন স্থাপনাসহ অন্যান্য স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শক দল পাঠানোর মাধ্যমে আইএইএর পর্যবেক্ষণের আওতায় আনার প্রস্তাব দেবেন তিনি।

এদিকে ১৯ তারিখে আরেক দফা বৈঠকের জন্য ছয়জাতি আলোচকরা বেইজিঙে সমবেত হবেন। সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিলের বুধবার সেখানে পৌঁছানোর কথা রয়েছে। উত্তর কোরিয়া সফর শেষে এলবারাদিরও বেইজিঙে ফিরে আসার কথা। সেখানে ছয়জাতি আলোচকদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার।