ইরানি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা বৈদেশিক মুদ্রা লেনদেন আইনের পরিপন্থী নয়: আইএমএফ
ইরানের ব্যাংকগুলোর ওপর জারি করা নিষেধাজ্ঞা কোনোভাবেই বৈদেশিক মুদ্রা লেনদেন আইনের পরিপন্থী নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক মুখপত্র।
সেপ্টেম্বরের ৮ তারিখে সন্ত্রাসীদের অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাদেরাত ব্যাংকের বিদেশে অর্থ প্রেরণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞা আদৌ বৈদেশিক মুদ্রা বিনিময়ে যেসব বিধিনিষেধ বিদ্যমান তার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা- গত নভেম্বরে আইএমএফকে এটা জানাতে অনুরোধ করে ইরান।
সেই অনুরোধ যাচাই করে আইএমএফের মুখপত্র উইলিয়াম মারি রয়টার্সকে বলেন, “আমরা ইরানি কর্তৃপক্ষের অনুরোধ যাচাই করে নিশ্চিত হয়েছি বৈদেশিক মুদ্রা বিনিময়ের যেসব বিধি বিদ্যমান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা কোনোভাবেই সেসব বিধি ভঙ্গ করে না।”
গত বছর নভেম্বরে আইএমএফের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির প্রভাব সংক্রান্ত আলোচনায় ইরান প্রথম এই প্রসঙ্গ উত্থাপন করে। একই আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে সাদেরাত ব্যাংকের ঋণপত্র ইস্যু করতে না পারায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
ইরান আইএমএফকে আরও জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ট সম্পর্ক আছে ইউরোপ ও এশিয়ার এমন কয়েকটির দেশেও সাদেরাত ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান এমন ব্যাংকগুলোকে অন্যান্য বৈদেশিক মুদ্রায় বিনিময় করতে দিচ্ছে না।
ইরানকে তার পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার কঠোরতা বৃদ্ধি করেছে, ইরানের রাষ্ট্রায়ত্ব ব্যাংক সেপাহর ওপরও একইরকম নিষেধাজ্ঞা জারি করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান উত্তর কোরিয়া থেকে যে মিসাইলগুলো কিনেছিল সেসবের মূল্য পরিশোধ করেছে ইরানের সবচেয়ে প্রাচীন এই ব্যাংকটি।
তবে ইরান আরোপিত নিষেধাজ্ঞাকে ‘হেনস্থা’ বলে আখ্যায়িত করেছে।
ভারত ও মিশরের প্রতিনিধিরা গত মাসে একই বিষয় উত্থাপন করে আইএমএফের সদস্য দেশগুলোর মধ্যকার বৈঠকে। তারা প্রশ্ন করেছিল, ১৪৪ - (৫২/৫১) বিধি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নেওয়ার আগে আইএমএফকে অবগত করতে বাধ্য ছিল কিনা এবং এই নিষেধাজ্ঞা কোনোভাবে এই বিধিকে ভঙ্গ করেছে কিনা।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর ইরানের সঙ্গে কোনোরকম বাণিজ্যিক লেনদেন থেকে বিরত থাকতে সব ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অনুরোধ করেছে। এর অন্যথা হলে তাদের ইরানের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে বলেও জানায় তারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জরিমানার কথা বিবেচনা করে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের কথা বিবেচনা করতে দ্বিধায় আছে বিশ্বের সব আন্তর্জাতিক ব্যাংক।
গত বছর মে মাসে ইউরোপের চারটি প্রধান ব্যাংক ইউবিএস, সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস, নেদারল্যান্ডসের এবিএন এএমআরও ও লন্ডনভিত্তিক এইচএসবিসি ইরানের কোনো ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে কোনোরকম বাণিজ্যিক লেনদেন না করার ঘোষণা দেয়।
