আফগানিস্তানে অপহৃত সাংবাদিকের কথিত কণ্ঠস্বরসহ সিডি প্রকাশ
আফগানিস্তানে অপহৃত ইতালীয় সাংবাদিকের কথিত কণ্ঠস্বরসহ একটি সিডিতে (কমপ্যাক্ট ডিস্ক) কর্তৃপক্ষের কাছে অপহরণকারীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আফগানিস্তানের বার্তা সংস্থা পাঝোক বৃহস্পতিবার একথা জানায়।
দানিয়েল মাস্ত্রোগিয়াকোমো নামে ওই সাংবাদিক দশ দিন আগে অপহৃত হন। তার কথিত কণ্ঠস্বর সম্বলিত সিডিতে ইংরেজিতে বলা হয়, “আর মাত্র দুদিন বাকি। তারপর তারা আমাদের মেরে ফেলবে। দয়া করুন। দয়া করুন।”
ওই কণ্ঠস্বর আদৌ মাস্ত্রোগিয়াকোমোর কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আর বার্তা সংস্থা পাঝোকের কাছে সিডিটি কীভাবে পৌঁছালো তাও জানা যায়নি।
সিডির শুরুতে এক ব্যক্তি (সম্ভবত তালেবান কমান্ডার) মাস্ত্রোগিয়াকোমোর কণ্ঠস্বর ধারণ শুরু করার জন্য তার অধীনস্তকে পশতু ভাষায় আদেশ করেন বলে জানা গেছে।
