২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্র নিয়ে তোপের মুখে ব্লেয়ার

ব্রিটিশ পার্লামেন্টে পরমাণু অস্ত্র প্রকল্প নবায়নের বিল উত্থাপিত হতে যাচ্ছে বুধবার। তবে আশঙ্কা করা হচ্ছে, এই অস্ত্র নবায়ন প্রসঙ্গে ইরাক যুদ্ধের পর সবচেয়ে বেশি বিরোধিতার সম্মুখীন হবেন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 04:10 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

প্রায় ১০০ জন আইনপ্রণেতা পুরনো ট্রাইডেন্ট সিস্টেমের বদলে পরমাণু অস্ত্রবাহী তিনটি কিংবা চারটি ডুবোজাহাজ তৈরিতে দুই হাজার কোটি পাউন্ড ব্যয়ের বিরোধিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। ২০০৩ সালে ইরাক যুদ্ধের বিরোধিতা করেছিলেন ক্ষমতাসীন শ্রমিক দলের প্রায় ১৪০ জন পার্টির রাজনীতিক। সে ঘটনার পর পার্লামেন্টে কোনো ইস্যুতে এটাই হবে সবচেয়ে বড় বিরোধিতার ঘটনা।

তবে রক্ষণশীল দলের সমর্থনে ৬৪৬ আসনের নিম্নকক্ষে ৬৭ আসনের সংখ্যাগরিষ্ঠতা থাকা শ্রমিক দলের প্রধান ব্লেয়ারের প্রস্তাবিত এই অস্ত্র নবায়ন বিলটি অনুমোদিত হতে পারে।

শ্রমিক দল সবসময়ই পরমাণু অস্ত্রবিরোধী অবস্থান নিয়েছে। ১৯৮০র দশকের শেষ দিক থেকেই পরমাণু অস্ত্রসম্ভার হ্রাসের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তারা। গত রোববার প্রকাশিত একটি জরিপে অংশ নেওয়া শ্রমিক দলের আইনপ্রণেতাদের দুই - তৃতীয়াংশ এই প্রকল্পের বিরোধিতা করেছেন।

এই নবায়ন প্রকল্পের সমর্থনে টনি ব্লেয়ার বলেছেন, ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু শক্তিধর হয়ে ওঠার আশঙ্কা এবং পরমাণু অস্ত্রধারী সন্ত্রাসীদের হুমকির মুখে ব্রিটেনের পরমাণু অস্ত্র সঙ্কোচনের প্রকল্প বাদ দিয়ে বরং প্রয়োজন পরমাণু অস্ত্রের পরিমাণ স্থির রাখা। পরমাণু অস্ত্র সঙ্কোচন প্রকল্প ব্রিটেনের জন্য বিপজ্জনক হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তবে এই অস্ত্র নবায়ন প্রকল্পের বিরোধীরা বলছেন, শীতল যুদ্ধের অবসানের পর এখন ব্রিটেনের পরমাণু অস্ত্র জিইয়ে রাখার সিদ্ধান্ত বরং ইরান, উত্তর কোরিয়ার মতো পরমাণু উচ্চাভিলাষী দেশগুলোর সামনে খুবই খারাপ একটি দৃষ্টান্ত হবে।

“আমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার ভবিষ্যত। আমাদের সিদ্ধান্ত এই পরমাণু অস্ত্র প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে দিতে পারে, আবার এ প্রতিযোগিতা স্থগিত করতে পারে,” বলেছেন মাইকেল মিচার।  

আগামী কয়েক মাসের মধ্যে ব্লেয়ার দলের প্রধানের পদ থেকে পদত্যাগ করলে পরবর্তী প্রধানের নির্বাচনে প্রার্থী হবেন মিচার।

সমালোচকেরা বলছেন, এই অর্থ আরও ভালভাবে ব্যয় করা যায়। তাদের অভিযোগ, এই পরমাণু অস্ত্রবাহী নতুন ডুবোজাহাজ প্রকল্প শুরুর বিষয়ে ব্লেয়ার তড়িঘড়ি করছেন।

পার্লামেন্টের নিম্নকক্ষের উপপ্রধান ও ব্লেয়ার সরকারের এক সদস্য নাইজেল গ্রিফিথস সোমবার ট্রাইডেন্ট সিস্টেমের প্রতিস্থাপন প্রকল্পে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন। মন্ত্রণালয়ের আরেক সহযোগী জিম ডিভাইনও মঙ্গলবার পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তবে এ খবর নিশ্চিত করা যায়নি।

নতুন ডুবোজাহাজের নক্সা প্রণয়ন ও তৈরির ব্যপারে শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের যুক্তি হিসেবে সরকার জানিয়েছে, এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখনই গৃহীত না হলে ২০২৪ সালে যখন ট্রাইডেন্ট সিস্টেম ব্যবহার অনুপযোগী হয়ে যাবে তখন সেটাকে প্রতিস্থাপন করার মতো কোনো পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ থাকবে না ব্রিটেনের কাছে।

ব্লেয়ারের মুখপাত্র জানিয়েছেন, “দীর্ঘমেয়াদী এই প্রকল্পে সিদ্ধান্ত গ্রহনের সময় এখনই। যদি এখনই এই সিদ্ধান্ত নেওয়া না হয় তবে এটা ট্রাইডেন্টকে প্রতিস্থাপনের সিদ্ধান্ত না নেওয়ারই সামিল।”

গত ডিসেম্বরে প্রস্তাবিত এই প্রকল্পের অংশ হিসেবে ব্রিটেন সরকার ঘোষণা দিয়েছিল, তারা তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা ২০ শতাংশ হ্রাস করে ১৬০ এর নিচে নামাবে এবং পরমাণু অস্ত্র পরিবহনে সক্ষম ডুবোজাহাজের সংখ্যা চার থেকে কমিয়ে তিন করতে পারে।