নন্দীগ্রাম হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় সহিংস ধর্মঘট
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের ডাকা শুক্রবারের ধর্মঘটে পুলিশ ও বিক্ষোভকার্রীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এরপর পুলিশ প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করে। নন্দীগ্রামে পুলিশের গুলিতে ১৪ গ্রামবাসী নিহত হওয়ার প্রতিবাদে রাজ্যজুড়ে ওই ধর্মঘটের ডাক দেয় তৃণমূল কংগ্রেস।
কলকাতায় ধর্মঘট সমর্থনকারীরা কয়েকটি সরকারি বাসে পাথর ছোড়ে ও আগুন ধরিয়ে দেওয়ার পর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় টেলিভিশনে প্রচারিত এক দৃশ্যে একটি বাসের ড্রাইভারের আসনে রক্তের দাগ দেখা যায়।
এছাড়া বিক্ষোভকারীরা শিলিগুড়িতে রেললাইনে আগুন ধরিয়ে দেয় এবং বৈদ্যুতিক ট্রেন চলাচল বন্ধে লাইনের ওপর অবস্থান নেয়।
মালদায় সরকারি ব্যাংকের একটি শাখায় বিক্ষোভকারীরা ভাঙচুর করে। ব্যাংকের এক সহকারী ব্যবস্থাপক শ্রীমন্ত চৌধুরী বলেন, “আমাদের অপরাধ ছিল, আমরা ব্যাংকের কার্যক্রম পরিচালনা করছিলাম।”
ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়ে কলকাতাসহ অন্যান্য শহর। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত খোলেনি। দোকানপাটও বন্ধ ছিল। রাস্তাগুলো ছিল প্রায় জনশূন্য। তবে বিভিন্ন সড়কে পুলিশে টহল দিতে দেখা যায়।
উগ্র বামপন্থী থেকে শুরু করে হিন্দু জাতিয়তাবাদী বিক্ষোভকারীরা কালো পতাকা উচিঁয়ে প্রতিবাদ করার সময় ডুলিশ নিশ্চুপ দাঁড়িয়ে থাকে।
ধর্মঘট আহ্বানকারী তৃণমূল কংগ্রেস দলের নেতা বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, “আমরা শিল্পায়ন চাই, কিন্তু কৃষকদের রক্তের বিনিময়ে নয়।
কলকাতার দক্ষিণ পশ্চিমাঞ্চলের নন্দীগ্রামে এলাকাবাসীর বিরোধিতা উপেক্ষা করে রাজ্য সরকার শিল্প স্থাপনে কৃষি জমি বরাদ্দ দেয়। শিল্প কারখানার কর্মকর্তারা বুধবার জমিতে প্রবেশের চেষ্টা করলে গ্রামবাসীরা বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষ বাঁধলে পুলিশ গুলি চালায়। এতে নিহত হন ১৪ গ্রামবাসী।
নন্দীগ্রামের ট্যাক্সিচালক গোপি মণ্ডল বলেন, “তারা নিজেদের সমাজতান্ত্রিক বলে দাবি করে, অথচ তারাই গরীব কৃষকদের ওপর গুলি চালিয়েছে।”
এ ঘটনার পরই কৃষকদের কাছে থেকে জমি নিয়ে স্বল্প করের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেডস) স্থাপনের ক্ষেত্রে ভারতের যে নীতিমালা রয়েছে তা নিয়ে ব্যাপক আলোচনার ঝড় ওঠে।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতের কমিউনিস্ট শাসকরা তাদের গ্রামীণ উন্নয়নের মনোভাব বাদ দিয়ে শিল্পায়নের দিকে মনোযোগ দিয়েছেন। সত্তরের দশকে এ শাসকরাই সবচেয়ে সফলভাবে জমি পুনর্গঠনের কাজ শুরু করেছিল এবং আশির দশকে লাখ লাখ কৃষক তার সুফল ভোগ করে।
সরকারের আর্থিক সংস্কার কর্মসূচির বিরোধিতা জানাতে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত অন্তত আটবার ধর্মঘট ডাকা হয়েছে।
