২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সহিংসতার মধ্যে প্রধান বিচারপতির শুনানি অনুষ্ঠিত

পাকিস্তানের কয়েকটি শহরে ব্যাপক সহিংসতার মাঝে বরখাস্ত হওয়া প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি এর আগে জানায়, ‘অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগে প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীকে বরখাস্ত করা হয়। তবে এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন আইনজীবীরা।

ইফতেখার চৌধুরীকে অসাংবিধানিকভাবে বরখাস্ত করা হয়েছে- এমন অভিযোগ এনে প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে এক সপ্তাহ ধরে আন্দোলন করছে আইনজীবীসহ বিরোধী কয়েকটি রাজনৈতিক জোট।

প্রধান বিচারপতিকে বরখাস্তের প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের শুক্রবার কাঁদুনে গ্যাস ছোড়ে এবং প্রায় দেড়শজনকে আটক করে।

শুনানির ঘটনাকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন শহরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সুপ্রিম কোর্ট ও কাছের পার্লামেন্ট ভবনসহ পুরো এলাকা কাঁটাতার ও কংক্রিটের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে কয়েকশ পুলিশ।

এর মাঝে প্রায় ৬০০ আইনজীবী, ইসলামি ও উদারপন্থী দলগুলোর কর্মীরা সুপ্রিম কোর্টের বাইরে দাঁড়িয়ে মুশাররফবিরোধী স্লোগান দেন।

রুদ্ধদ্বার কক্ষে শুনানির জন্য ইফতেখার চৌধুরী বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে পৌঁছালে বিক্ষোভকারী তালি দিয়ে তাকে স্বাগত জানান।

এদিকে এ শুনানি নিয়ে আয়োজিত একটি বেসরকারি টিভি চ্যানেলের ‘টক শো’ বন্ধ করে দেয় সরকার। এর আগে সোমবার লাহোরে ব্যাপক বিক্ষোভের পর রাজনৈতিক নেতাসহ ১২৫ জনকে আটক করে পুলিশ।

সাংবিধানিকভাবে এ বছরই সেনাপ্রধান হিসেবে মুশাররফের মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি ওই পদে বহাল থাকার চেষ্টা করতে পারেন। কিন্তু স্বাধীনচেতা ও নিরপেক্ষ হিসেবে পরিচিত ইফতেখার চৌধুরী প্রধান বিচারপতি থাকাকালে মুশাররফের ওই চেষ্টায় বাধ সাধতে পারেন বলেই তাকে অপসারণ করা হয়েছে বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা।

গত শুক্রবার তাকে বরখাস্ত করার পর থেকে অধিকাংশ সময়ই নিজের বাড়িতেই কাটান ইফতেখার চৌধুরী। তিনি ইতোমধ্যে বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানির জন্য গঠিত পাঁচ সদস্যের ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ নিরপেক্ষভাবে বিচার করবে, এমনটা তিনিও আশা করেন না। এটা তিনি ওই প্যানেলকেও জানিয়েছেন।

ইফতেখার চৌধুরী বলেন, “আমার সংগ্রাম রাজনীতির জন্য নয়। আমি খুব সহজেই পদত্যাগ করতে পারতাম। কিন্তু বিচার বিভাগ ও আমার ব্যক্তিগত সম্মান রক্ষার্থেই পদত্যাগ করার সিদ্ধান্ত নেইনি আমি।”