২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার জিম্বাবুয়ের বিরোধী নেতার

জিম্বাবুয়ের কারা নির্যাতিত বিরোধী নেতা মর্গান সাভাঙ্গিরাই জানিয়েছেন, প্রেসিডেন্ট রবার্ট মুগাবের কবল থেকে দেশকে মুক্ত করতে লড়াই চালিয়ে যাবেন তিনি। ব্রিটিশ পত্রিকা ‘ইন্ডিপেন্ডেন্ট’ এ শুক্রবার প্রকাশিত এক লেখায় এ কথা জানান তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 01:00 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

পুলিশি নির্যাতন তার মনোবলে বিন্দুমাত্র চিড় ধরাতে পারেনি বলে জানান মর্গান সাভাঙ্গিরাই। তিনি বলেন, “তারা আমার শরীরকে ক্ষতবিক্ষত করতে পেরেছে, কিন্তু কখনোই আমার মনোবল ভাঙতে পারবে না। জিম্বাবুয়ে  মুক্ত না হওয়া পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব।”

তার দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ এর আন্দোলন সম্পর্কে তিনি বলেন, “জিম্বাবুয়েতে গণতান্ত্রিক পরিবর্তনের ছোঁয়া লেগেছে। নির্যাতন নিপীড়নে আমার মনোবল তো ভাঙ্গেইনি বরং আন্দোলনের চেতনাকে আরও বেগবান করেছে।”

সাভাঙ্গিরাই বলেন, “ শহীদ বা অমর হওয়ার কোনো আকাক্সক্ষা আমার নেই। আমি শুধু আমার দেশে এমন একটি নতুন সমাজ চাই যেখানে মানুষ মুক্তভাবে বাঁচতে পারবে। দেশের সমৃদ্ধি ঘটবে এবং জনগণ তাদের শাসককে ভয় পাবে না।”

গত সপ্তাহে পুলিশের হাতে আটক থাকার সময় ব্যাপক শারীরিক নির্যাতনের শিকার হন সাভাঙ্গিরাই। দেশটির বিরোধী নেতার ওপর পুলিশি নির্যাতনের তীব্র সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো।

কিন্তু বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বলেন, বিরোধী নেতা কর্মীরা জঙ্গি কায়দায় সহিংসতা ছড়িয়ে তার সরকারকে উৎখাত করতে চেয়েছিল।