চীনে বহুল আলোচিত সম্পত্তি অধিকার আইন অনুমোদিত
দীর্ঘ আলোচনার পর অবশেষে সম্পত্তির অধিকার সংক্রান্ত বহুল আলোচিত আইনটি অনুমোদন করেছে চীন। শুক্রবার দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে বিলটি অনুমোদিত হয়।
নতুন এ আইন প্রবর্তনের মধ্য দিয়ে দেশটিতে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ব্যক্তি মালিকানাধীন সম্পদ সম্পর্কিত একটি আইনানুগ ধারণা।
শুক্রবার সকালে পিপলস কংগ্রেসে সম্পত্তির অধিকার সংক্রান্ত বিলটি বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়। তিন হাজার প্রতিনিধির মধ্যে মাত্র ৫২ জন বিলটির বিপক্ষে ভোট দেন। টানা ১২ দিনের অধিবেশনের শেষ দিনে আয়কর সংক্রান্ত নতুন একটি আইনও অনুমোদিত হয়। এর বিপক্ষে ভোট পড়ে ৩৭টি।
নতুন আইনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের সংরক্ষণ ও সুরক্ষা সহজ হবে বলে আশা করছেন চীনের নেতারা। তবে বিশ্লেষকরা বলছেন, এর ফলে কৃষকেরা তেমন লাভবান হবেন না। চীনের প্রদেশগুলোর স্থানীয় কর্মকর্তারা কৃষকদের জমিজমা প্রায়ই দখল করে নেয়। নতুন আইন এর কোনো সমাধান দিতে পারবে না বলেই মনে করছেন অনেকে।
গবেষণা প্রতিষ্ঠান ড্রাগোনোমিকসের আর্থার ক্রোয়েবার বলেন, “সম্পত্তির অধিকার সংক্রান্ত নতুন আইন কৃষকদের ওপর কোনো ইতিবাচক প্রভাব ফেলবে না।”
এদিকে, চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও অধিবেশন শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী দিনগুলোতে সরকার সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি বন্ধের ওপর বিশেষ গুরুত্ব দেবে। বৈদেশিক বিনিয়োগ সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে একটি সংস্থা গঠনের ঘোষণাও দেন তিনি। এছাড়া সম্পর্কোন্নয়নে এপ্রিলে জাপান সফরে যাওয়ার কথাও জানান তিনি।
