২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহমাদিনেজাদকে ভাষণ দেওয়ার সুযোগ দিতে নিরাপত্তা পরিষদে ইরানের চিঠি

নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে চান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। এ জন্য নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে ইরান। নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট বৃহস্পতিবার এ তথ্য জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 12:31 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত দুমিসানি কুমালো জানান,  আহমাদিনেজাদের জাতিসংঘ সফর বিষয়ে ইরানের রাষ্ট্রদূত জাভেদ জারিফের একটি চিঠি তিনি পেয়েছেন।

কুমালো বলেন, “চিঠির বিষয়বস্তু সুনির্দিষ্ট। তিনি এমন সময় নিউইয়র্ক আসতে চাচ্ছেন যখন কিনা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত খসড়া প্রস্তাব নিয়ে আমরা বহুদূর এগিয়ে গেছি। তারপরও শুক্রবার সকালে আমি পরিষদের সদস্যদের সঙ্গে চিঠির বক্তব্য নিয়ে আলোচনা করব। কারণ আহমাদিনেজাদের জাতিসংঘ সফর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিরাপত্তা পরিষদের।”

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মুখপাত্র রিচার্ড গ্রেনেল জানান, জাতিসংঘ সফরে আসতে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ ও সে দেশের শীর্ষ কূটনীতিবিদদের ভিসা দেওয়ার জন্য ইরানের কর্মকর্তারা আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, যাদের জন্য ভিসা চাওয়া হয়েছে, তারা হলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনশেহর মোত্তাকি, পরমাণু বিষয়ক প্রধান মধ্যস্থতাকারী আলি লারিজানি, ১০ জন শীর্ষ কূটনীতিবিদ এবং ২৪ জন নিরাপত্তা রক্ষী।

এদিকে, ইরানের ওপর দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত বিষয়ক খসড়া প্রস্তাবটি বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছে। বুধবার পরিষদে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দুমিসানি কুমালো। তবে ভোটের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।