২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নতুন দপ্তর সৃষ্টির প্রস্তাব সাধারণ পরিষদে অনুমোদন

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় এর দপ্তরকে দুই ভাগে ভাগ করার বান কি মুনের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। সাধারণ পরিষদে বৃহস্পতিবার প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাশ হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 01:34 AM

Updated : 26 Apr 2022, 02:08 PM

সংঘাত কবলিত আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ১৮টি মিশনে বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একলাখ সদস্য মোতায়েন রয়েছে। এক দপ্তরের মাধ্যমে সব কাজ করতে হত বলে এত বিশাল কার্যক্রম সামলাতে হিমসিম খেতে হচ্ছিল। আর এ কারণেই ওই দপ্তর ভেঙ্গে নতুন একটি দপ্তর সৃষ্টির প্রস্তাব দেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

প্রস্তাব অনুমোদিত হওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বান কি মুন বলেন, “শান্তি রক্ষী বাহিনীর সংস্কার প্রস্তাবে সাধারণ পরিষদের সবার সমর্থনে আমি অভিভূত। আমার প্রস্তাবটি বাস্তবায়নের প্রাথমিক সাড়া হিসেবে নিঃসন্দেহে এটি একটি শুভ সূচনা।”

এতোদিন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর যাবতীয় কার্যক্রম দেখাশোনা করতো ‘ডিপার্টমেন্ট অব পিসকিপিং অপারেশন’। বানের প্রস্তাবটি হচ্ছে, ‘ডিপার্টমেন্ট অব পিসকিপিং অপারেশন’র পাশাপাশি ‘ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট’ নামে আরো একটি ইউনিট গড়ে তোলা। প্রস্তাব অনুযায়ী ডিপার্টমেন্ট অব পিসকিপিং অপারেশন এখন থেকে পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে নিয়োজিত শান্তিরক্ষী বাহিনীকে পরিচালনা করবে।

অন্যদিকে, ‘ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট’ কর্মী নিয়োগ, অর্থায়ন, অর্থ সংগ্রহ, নীতিমালা ও আইন প্রণয়ন, যোগাযোগ, তথ্য প্রযুক্তি সরবরাহ এবং প্রতিবেদন প্রকাশের ওপর কাজ করবে।