২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির শুনানি ঘিরে পাকিস্তানজুড়ে কঠোর নিরাপত্তা

পাকিস্তানে বরখাস্ত প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি হচ্ছে শুক্রবার। বিকেলে ইসলামাবাদে সুপ্রিম কোর্টের রুদ্ধদ্বার কক্ষে হবে এ শুনানি। এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন শহরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এদিকে এ শুনানি নিয়ে আয়োজিত একটি বেসরকারি টিভি চ্যানেলের ‘টক শো’ বন্ধ করে দিয়েছে সরকার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 03:30 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ইফতেখার চৌধুরীকে অসাংবিধানিকভাবে বরখাস্ত করা হয়েছে এমন অভিযোগে প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে তুমুল আন্দোলনে নেমেছে আইনজীবীসহ বিরোধী কয়েকটি রাজনৈতিক জোট। শুনানি চলাকালে আদালত ভবনের সামনে বিক্ষোভের কর্মসূচিও দিয়েছেন আইনজীবীরা।

কর্মসূচি বানচালে সরকারের তৎপরতাও লক্ষণীয়। সুপ্রিম কোর্ট ও কাছের পার্লামেন্ট ভবনসহ পুরো এলাকা কাঁটাতার ও কংক্রিটের ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্পর্শকাতর জায়গাগুলোতে  কয়েকশ পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার লাহোরে ব্যাপক বিক্ষোভের পর রাজনৈতিক নেতাসহ ১২৫ জনকে আটক করে পুলিশ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি জানায়, ‘অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগে বরখাস্ত করা হয় প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীকে। তবে এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন আইনজীবীরা।

সাংবিধানিকভাবে এ বছরই সেনাপ্রধান হিসেবে মুশাররফের মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি ওই পদে বহাল থাকার চেষ্টা করতে পারেন। কিন্তু স্বাধীনচেতা ও নিরপেক্ষ হিসেবে পরিচিত ইফতেখার চৌধুরী প্রধান বিচারপতি থাকাকালে মুশাররফের ওই চেষ্টায় বাধ সাধতে পারেন বলেই তাকে অপসারণ করা হয়েছে বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা।

গত শুক্রবার তাকে বরখাস্ত করার পর থেকে অধিকাংশ সময়ই নিজের বাড়িতেই কাটান ইফতেখার চৌধুরী। তিনি ইতোমধ্যে বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানির জন্য গঠিত পাঁচ সদস্যের ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ নিরপেক্ষভাবে বিচার করবে, এমনটা তিনিও আশা করেন না। এটা তিনি ওই প্যানেলকেও জানিয়েছেন।

ইফতেখার চৌধুরী বলেন, “আমার সংগ্রাম রাজনীতির জন্য নয়। আমি খুব সহজেই পদত্যাগ করতে পারতাম। কিন্তু বিচার বিভাগ ও আমার ব্যক্তিগত সম্মান রক্ষার্থেই পদত্যাগ করার সিদ্ধান্ত নেইনি আমি।”