মধ্যপ্রাচ্য নিয়ে জাপানে চতুর্পক্ষীয় বৈঠক
মধ্যপ্রাচ্য নিয়ে বুধবার চতুর্পক্ষীয় বৈঠক শুরু হয়েছে জাপানে। এতে জাপান ছাড়াও অংশ নিচ্ছে ইসরায়েল, জর্ডান ও ফিলিস্তিনের কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যে নিজেদের রাজনৈতিক প্রভাব বৃদ্ধি এবং তেল সরবরাহ নিশ্চিত করাই জাপানের এ তৎপরতার মূল লক্ষ্য।
টোকিওতে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মধ্যপ্রাচ্যে জাপানের বিশেষ দূত তাতসুয়ো আরিমা বলেন, “আগের যে কোনো সময়ের চেয়ে ইসরায়েল--ফিলিস্তিন আলোচনা এখন অনেক বেশি জরুরি। এ সম্মেলন আয়োজনের উদ্দেশ্য তাদের পারস্পরিক বিশ্বাস বাড়ানো এবং সংলাপকে বেগবান করা।”
গত বছর মধ্যপ্রাচ্য সফরকালে এ ধরনের বৈঠকের প্রস্তাব তোলেন তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের এ বৈঠক। বুধবার রাতেই দেশ চারটির মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকের কথা রয়েছে। তার তাতেই কোইজুমির প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসো।
জাপান মনে করে, অর্থনৈতিক সমৃদ্ধির পথ ধরেই শান্তি আসতে পারে মধ্যপ্রাচ্যে। তাই ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় তারা। অবশ্য মধ্যপ্রাচ্যে জাপানের নিজের অর্থনৈতিক স্বার্থও অনেক বড়।
এ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারো আসো গত মাসে বলেছিলেন, “ভারত ও চীনে চাহিদা বাড়তে থাকায় বিশ্ববাজারে এখন তেল বিক্রেতাদের দাপট বাড়ছে। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে জাপানের সুসম্পর্ক বজায় রাখা দরকার।”
এদিকে ইসরায়েলের উপপ্রধানমন্ত্রী শিমন পেরেজ রয়টার্সকে বলেছেন, “এ যুগে পরিবর্তনের হাওয়াটা অর্থনীতির, রাজনীতির কিংবা কৌশলগত নয়। আমার মনে হয় অর্থনৈতিক দিকটির প্রতি জোর না দিয়ে সামরিক ও রাজনৈতিক বিষয়ে অনেক বেশি জোর দিয়ে এতদিন ভুল পথে এগিয়েছি আমরা।”
কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে আরব দেশগুলোকে অর্থনৈতিক সহায়তার প্রস্তাব দেবে জাপান। জর্ডান নদীর তীরে একটি বিশাল কৃষি শিল্প প্রকল্প গড়ে তুলতে অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাবও উত্থাপন করা হবে। এ জন্য ১০ কোটি ডলার দিতে রাজি জাপান।
প্রসঙ্গত, ফিলিস্তিনকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য দিয়ে থাকে জাপান। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানটিই তাদের।
