প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় মধ্যপ্রাচ্য সফর করবেন রাইস
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। এবার তিনি সৌদি আরব প্রস্তাবিত শান্তি পরিকল্পনার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করবেন ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে।
২০০২ সালে বৈরুতে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি পরিকল্পনা তুলে ধরে সৌদি আরব। তাতে ইসরায়েলের সঙ্গে অপরাপর মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক এবং ১৯৬৭ সালের আরব - ইসরায়েল যুদ্ধের সময় অধিকৃত ভূমি ইসরায়েলকে ছেড়ে দেওয়ার প্রস্তাব করা হয়।
বুধবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে কন্ডোলিৎসা রাইস বলেন, “ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় আরব - ইসরায়েল চুক্তি প্রয়োজন।”
সৌদি আরবের প্রস্তাব সম্পর্কে সরাসরি মন্তব্য এড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি সবসময় মনে করি, দীর্ঘকাল ধরে চলমান সংঘাত অবসানে আলোচনাটা গুরুত্বপূর্ণ।”
সংবাদ সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনিও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “সৌদি আরবের প্রস্তাবের কিছু অংশ সত্যিই ইতিবাচক। তবে ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার বিষয়টি বেশ জটিল এবং তা একদিনে হবে না। আমরা চাই, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার অপেক্ষা না করেই আরব নেতারা অমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগী হবে।”
এদিকে সফর নিয়ে রাইস বিস্তারিত আর কিছু না জানালেও মিশরের রাষ্ট্রপতির মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবে ২৮ ও ২৯ মার্চ অনুষ্ঠেয় আরব লীগ সম্মেলনের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিশর সফরেও যাবেন।
