ব্লেয়ারের বিতর্কিত পরমাণু বিল পার্লামেন্টে অনুমোদিত
নিজ দলের নিরঙ্কুশ সমর্থন না পেলেও বিরোধী দলের সমর্থনের ওপর ভর করে এ দফায় পার পেয়ে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তার বিতর্কিত পরমাণু অস্ত্র প্রকল্প নবায়ন কর্মসূচি বুধবার ব্রিটিশ পার্লামেন্ট অনুমোদন করে। তবে এর বিরোধীরা বলেছেন, তারা প্রতিবাদ অব্যাহত রাখবেন।
ব্রিটিশ পার্লামেন্টের ৬৪৬ আসনের নিম্ন কক্ষে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৪০৯টি। আর বিপক্ষে ১৬১টি। লেবার পার্টির ৮৭ জন সংসদ সদস্য বিপক্ষে ভোট দিলেও বিরোধী রক্ষণশীলদের সমর্থন প্রস্তাবটি পাশে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এর মধ্য দিয়ে টনি ব্লেয়ার উত্থাপিত পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন সম্ভার আধুনিকায়নে দেড় থেকে দুই হাজার কোটি পাউন্ড ব্যয়ের প্রস্তাবটি গৃহিত হল।
তবে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার বিরোধীরা বলছেন, তারা প্রতিরোধ অব্যহত রাখবেন। লেবার পার্টির সংসদ সদস্য জেরেমি কারবাইন স্কাই নিউজকে বলেন, “ঘটনার শেষ এখানেই নয়, শান্তির সপক্ষে আমাদের সংগ্রাম চলবেই।”
বিল নিয়ে পার্লামেন্টে যখন ভোটাভুাট চলছিল তখন প্রতিবাদে মুখর ছিল এর বাইরের রাস্তাগুলো। পরমাণু অস্ত্র প্রতিযোগিতা চাই না- এমন লেখা সম্বলিত বিশাল ব্যানার নিয়ে বিক্ষোভ করে যুদ্ধবিরোধী জনতা। বিক্ষোভ হয়েছে স্কটল্যন্ডের ফাসলেন পারমাণবিক সাবমেরিন ঘাঁটির বাইরে এবং এডিনবরায় স্কটল্যান্ড পার্লামেন্টের সামনেও।
এদিকে প্রতিরক্ষা সিস্টেম নবায়নের প্রতিবাদে লেবার পার্টির চার সদস্য পদত্যাগ করেছেন। তাদের একজন নাইজেল গ্রিফিথস বলেন, “পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে আমাদেরই নেতৃত্ব দিতে হবে। আর তাই এ দৃষ্টান্ত স্থাপন করা জরুরি ছিল।”
তবে টনি ব্লেয়ারের যুক্তি ছিল, ইরান ও উত্তর কোরিয়া পরমাণু বোমা তৈরির এত কাছাকাছি পৌঁছেছে যে এখন পরমাণু অস্ত্র নির্মূল বা হ্রাসের সিদ্ধান্ত যুক্তরাজ্যের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
তবে বিরোধীরা এই যুক্ত মানতে নারাজ। তারা এটাকে অর্থের অপচয় হিসেবেই দেখছেন। পাশাপাশি এর মধ্য দিয়ে অস্ত্র প্রতিযোগিতা নতুন করে শুরুর আলামতও দেখছেন তারা।
তবে ব্লেয়ারের মতামত সম্পূর্ণ ভিন্ন। তার মতে, যুক্তরাজ্য পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন না করলে অন্যরা থেমে থাকবে, এমন ধারণা কোনো ভিত্তি নেই। বরং এর উল্টোটাই সঠিক।
