ফিলিস্তিনের নতুন মন্ত্রিসভা নিয়ে পার্লামেন্টে আস্থা ভোট শনিবার
দীর্ঘ আলোচনার পর অবশেষে ঐকমত্যের সরকারের ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া। নতুন মন্ত্রিসভায় কারা কারা থাকছেন তা বৃহস্পতিবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা আরও জানান, আগামী শনিবার ভোটাভুটির জন্য তা তোলা হবে পার্লামেন্টে।
পার্লামেন্টের স্পিকার ও হামাস নেতা আহমেদ বাহার বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় পার্লামেন্টের বিশেষ অধিবেশন শুরু হবে। আর তাতেই নতুন সরকার নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। এর পরপরই হবে আস্থাভোট।
এ প্রসঙ্গে মাহমুদ আব্বাস সমর্থিত ফাতাহ গ্র“পের নেতা আবদেল হাকিম আওয়াদ বলেন, “আজ - কালের মধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।”
আর হামাস মুখপাত্র গাজি হামাদ বলেন, “সবকিছু প্রায় ঠিকঠাক।”
দুই পক্ষের কর্মকর্তারাই আশাবাদী, নতুন সরকার গঠনের পর পশ্চিমারা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যপারে ইতিবাচক তৎপরতা দেখাবেন। যদিও এটি এখনও নিশ্চিত নয়।
ইসরায়েল ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, তাদের অস্তিত্ব স্বীকার না করলে গঠিতব্য ফিলিস্তিন ঐকমত্যের সরকারকে তারা বয়কট করবে। আর সেক্ষেত্রে কে হামাস মন্ত্রী আর কে ফাতাহ মন্ত্রী, তা বিচার করা হবে না।
এদিকে ওয়াশিংটনও জানিয়ে দিয়েছে, তিনটি শর্ত মেনে নেওয়া না হলে তারাও নিষেধাজ্ঞা তুলে নেবে না। এগুলো হচ্ছে, ইসরায়েলকে স্বীকৃতি দান, ইসরায়েল - পিএলও চুক্তি মেনে চলার অঙ্গীকার এবং সহিংসতা বন্ধ করা।
কয়েক মাস ধরে সংঘাতের পর মক্কায় বৈঠকে বসেন ফিলিস্তিনের বিবদমান হামাস ও ফতাহ গ্র“প। তাতে দুই পক্ষের সমন্বয়ে নতুন করে সরকার গঠনের চুক্তি করেন তারা। কিন্তু নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন তা নিয়ে আটকে যায় আলোচনা।
ওই পদটি হামাস দাবি করলেও তা মেনে নিতে অসম্মতি প্রকাশ করেন মাহমুদ আব্বাস। এদিকে আব্বাসের ঘনিষ্ঠ সহযোগী নাবিল সাথ জানিয়েছেন, উপপ্রধানমন্ত্রী হিসেবে তারা ফাতাহ নেতা আজম আল আহমেদের নাম প্রস্তাব করেছেন।
ইসমাইল হানিয়ার রাজনৈতিক উপদেষ্টা আহমেদ ইউসুফ বুধবার বলেছেন, তারা ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পথ পরিত্যাগ করলেও তাদের অস্তিত্ব স্বীকার করবেন না।
লন্ডনভিত্তিক আরবি পত্রিকা আশরাক আল আসওয়াতকে তিনি বলেন, “ইসরায়েলের অস্তিত্ব স্বীকার কিংবা দুই দেশ নীতি কখনই মেনে নেবে না হামাস।”
এদিকে সরকার গঠনের আলোচনার মধ্যেই নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে ফাতাহ ও হামাস সমর্থকদের মধ্যে। মঙ্গলবারও গাজায় এক হামাস নেতাকে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। একই সময় ওই এলাকায় একটি বাড়িতে গ্রেনেড হামলা চালায় হামাস সমর্থকরা।
