তুরস্কে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের নাম প্রকাশ করেছে ক্ষমতাসীন এ কে পার্টি
প্রেসিডেন্ট পদে প্রার্থিতার জন্য সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে তুরস্কের ক্ষমতাসীন এ কে পার্টি। বৃহস্পতিবার সে দেশের পত্রিকাগুলো এ খবর ছাপায়। ওই তালিকায় প্রধানমন্ত্রী তাইফ এর্দোগানের নাম রয়েছে বলে শোনা যাচ্ছে।
প্রেসিডেন্ট পদ দলের মনোনীত প্রার্থীর নাম ঘোষণার আগে ক্ষমতাসীন এ কে পার্টি একটি মতামত জরিপ চালায়। এর্দোগানের প্রার্থী হবার বিষয়টিকে দলের নেতা-কর্মীরা সমর্থন করছেন কি না, তা যাচাইয়েই চালানো হয় ওই জরিপ।
মতামত জরিপে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, এর্দোগান যদি প্রেসিডেন্টের দায়িত্ব নেন, তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে। ফলে আগামী সাধারণ নির্বাচনে পরাজয়ের মুখেও পড়তে হতে পারে। এর্দোগান অবশ্য বলে আসছেন, এপ্রিল মাসের মাঝামাঝিতে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। নিজের প্রার্থিতার ব্যাপারে নীরবতা পালন করছেন তিনি। তবে বলছেন, এ ব্যাপারে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
মতামত জরিপে এর্দোগান ছাড়া আর যাদের নাম উঠে এসেছে, তারা হলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ গুল, পার্লামেন্টের স্পিকার বুলেন্ত আরিঞ্চ, প্রতিরক্ষামন্ত্রী ভেসদি গোনাল, প্রতিমন্ত্রী মেহমেত আইদিন ও বেসির আতালি এবং বিচার বিষয়ক সংসদীয় কমিটির প্রধান কোকসাল তাপতান।
দেশটির সেনাপ্রধানসহ অসাম্প্রদায়িক নেতারা এর্দোগানকে মনোনয়ন দেওয়ার বিরোধী। বিরোধিতার কারণ হিসেবে তার ইসলামী ভাবাপন্ন মনোভাব এবং তার স্ত্রীর স্কার্ফ পরাকে তুলে ধরছেন তারা।
আগামী ১৫ এপ্রিল শুরু হবে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের নিবন্ধন প্রক্রিয়া। এরপর পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জোরে এ কে পার্টির মনোনীত প্রার্থীই প্রেসিডেন্ট হবেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ১৬ মে দায়িত্বভার গ্রহণ করবেন।
বর্তমান প্রেসিডেন্ট আহমেত নেকদেত সিজার নতুন করে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন।
