ইরাক যুদ্ধ এড়াতে...
ইরাক যুদ্ধ এড়াতে মার্কিন সেনাবাহিনী থেকে পালিয়ে এসে নিজ দেশেই মার্কিন ঘাঁটিতে গিয়ে ধরা পড়েছেন দক্ষিণ কোরিয়ার এক সেনা।
কিম নামে ওই সেনা এক সময় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে ছিলেন। ২০০৩ সালে যান যুক্তরাষ্ট্রে। স্থায়ী নাগরিক হিসেবে বসবাসের আবেদন জানালে যুক্তরাষ্ট্র শর্ত জুড়ে দেয়, সেনাবাহিনীতে যোগ দিয়ে ইরাক যুদ্ধে যেতে হবে। ওই সময় তাতে সম্মতিও দেন কিম। কিন্তু ২০০৫ সালে যখন ইরাক যাওয়ার সময় আসে তখন পালিয়ে চলে আসেন নিজ দেশে।
যেহেতু কোরিয়ার পাসপোর্ট তার ছিল, তাই দেশে ফেরার পর বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের জন্য গত বছর তার ডাক পড়ে কোরিয়ার সেনাবাহিনীর কাছ থেকে। তিনিও তখন সেনাবাহিনীতে যোগ দিয়ে দিন পার করতে থাকেন।
কিন্তু ঝামেলা বাধে কিছু দিন আগে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী থেকে নাম কাটানোর জন্য তিনি যান সউলের মার্কিন ঘাঁটিতে। আর তখনই তাকে গ্রেপ্তার করে মার্কিন সেনারা।
এসব তথ্যই মঙ্গলবার জানায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক কোরীয় কর্মকর্তা সর্বশেষ অবস্থা জানিয়ে বলেন, “কিম যুক্তরাষ্ট্র সেনাবাহিনীতে কী হিসেবে কাজ করত, তা আমাদের কাছে এখনও স্পষ্ট নয়। তবে সে জামিনে মুক্তি পেয়ে এখন নিজের ঘাঁটিতে ফিরে এসেছে। আর বিষয়টির মীমাংসায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আলোচনা হবে।”
এ বিষয়ে মার্কিন ঘাঁটির মুখপাত্রের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি।”
এর বেশি আর কিছুই বলতে চাননি তিনি।
