২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে সরাসরি সাহায্য বন্ধ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

নতুন সরকার গঠনের পরও ফিলিস্তিন নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গী পাল্টাচ্ছে না। আর তাই সরাসরি সাহায্য না দেওয়ার আগের সিদ্ধান্তেই অটল রয়েছে তারা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 05:06 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ফিলিস্তিনে ২০০৬ সালের মার্চে সাধারণ নির্বাচনে ক্ষমতায় আসে হামাস গ্র“প। এরপর থেকেই সাহায্য বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। কিন্তু শনিবার ফিলিস্তিনের বিবদমান হামাস ও ফাতাহ গ্র“প ঐকমত্যের একটি সরকার গঠন করে। তারা আশা করছিল, এরপর পশ্চিমারা নিষেধাজ্ঞা তুলে নেবে।

কিন্তু এতে ইউরোপীয় দেশগুলো কিছুটা সাড়া দিলেও যুক্তরাষ্ট্র বলছে, চতুর্পক্ষীয় বৈঠকের শর্তগুলো মেনে নেওয়া হলেই নতুন করে তারা সবকিছু বিবেচনা করবে।

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট অফিসের মুখপাত্র মিচেলা শোয়েৎজার ব্লাহম রোববার সাংবাদিকদের বলেন, “নতুন সরকার আলোচিত শর্তগুলো মেনে নিচ্ছে কি না, তা আমরা পর্যবেক্ষণ করবে। আর সাহায্য পাওয়ার ক্ষেত্রে এটাই হবে প্রথম বিবেচ্য।”

আগের সিদ্ধান্ত অনুযায়ী ফিলিস্তিনকে সরাসরি সাহায্য দেওয়া বন্ধ থাকবে বলেও জানান তিনি। মিচেলা ব্লাহম বলেন, “সাহায্যের ক্ষেত্রে আমাদের নীতির কোনো পরিবর্তন হচ্ছে না। তবে ফিলিস্তিনি জনগণের কথা ভেবে জাতিসংঘসহ অন্যান্য দাতব্য সংস্থার মাধ্যমে সাহায্য দেওয়া হবে।”

তিনি আরও জানান, ফিলিস্তিনের নতুন মন্ত্রিসভার যারা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সম্পর্ক স্থাপন করবে না। তবে যারা ওই ধরনের কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িত নয়, তাদের সঙ্গে ক্ষেত্র বিশেষে যোগাযোগ হতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্র হামাস সমন্বয়ে গঠিত মন্ত্রিসভার সব সদস্যদেরই বয়কটের কথা জানিয়েছিল।