ইরাক যুদ্ধের চার বছর, যুক্তরাষ্ট্রে বিশাল যুদ্ধবিরোধী বিক্ষোভ
‘আমেরিকা, ইরাক ছাড়ো!’ ইরাক যুদ্ধ বিরোধী হাজার হাজার আমেরিকান এভাবেই শ্লোগান দিতে দিতে বেরিয়ে এসেছিলেন রাজপথে। ইরাক যুদ্ধের চার বছর পূর্ণ হওয়া এবং ভিয়েতনাম যুদ্ধবিরোধী সমাবেশের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন যুদ্ধবিরোধী সংগঠন, মানবাধিকার সংস্থা এবং সাধারণ নাগরিকরা এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি হোয়াইট হাউসের কাছে ভিয়েতনাম ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হয়ে পেন্টাগনের সামনে শেষ হয়।
যুদ্ধবিরোধীরা অবিলম্বে ইরাক যুদ্ধ বন্ধের দাবিতে শ্লোগান তোলেন। অনেকে দাবি করেন বুশের অভিশংসন। এছাড়া, ইরাকে মার্কিন সেনাদের মৃত্যুর প্রতিবাদে মার্কিন পতাকা মোড়া কফিন বহন করেন বিক্ষোভকারীরা।
শান্তি ও মানবাধিকারকর্মী সিন্ডি শিহান বলেন, “আমরা যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয় এখন সেখানে এসে দাঁিড়য়েছি। অবিলম্বে আমরা এ যুদ্ধ বন্ধ করতে চাই।”
ইরাক যুদ্ধে শিহান তার ছেলে ক্যাসিকে হারিয়েছেন। সেই যন্ত্রণাদায়ক স্মৃতি মনে করে মাথায় কালো স্কি টুপি পরা শিহান বলেন, যুদ্ধে কোন কারণ ছাড়াই তার ছেলে প্রাণ হারিয়েছে। তেমনি প্রাণ হারিয়েছে এবং এখনো প্রাণ হারাচ্ছে তার ছেলের মতো অগণিত তরতাজা তরুণ।
আরেকজন মানবাধিকারকর্মী এ সময় প্রেসিডেন্ট বুশ, ভাইস প্রেসিডেন্ট চেনি এবং প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের অভিশংসনের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন কথা বলতে বলতে।
যুদ্ধ বিরোধী সমাবেশে একটি প্লাকার্ডে লেখা ছিল, “বিশ্বের তিন স্বৈরাচারী: নেপোলিয়ন, হিটলার ও বুশ।” অন্য কয়েকটায় লেখা ছিল “প্রেসিডেন্টকে জেলে ঢোকাও”, “যুদ্ধাপরাধের জন্য বুশের অভিশংসন চাই”। প্রতিবাদকারীরা অবিলম্বে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারেরও দাবী জানায়।
এদিকে, একই ধরণের মিছিল বের হয় লস এঞ্জেলেস, হলিউড, অস্টিন, টেক্সাস, সান ফ্রান্সিসকো, সিয়াটলসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে।
বিক্ষোভকারীরা যুদ্ধ বিধ্বস্ত ইরাককে ভিয়েতনামের সঙ্গে তুলনা করেন। কোন কারণ ছাড়াই সৈন্যদের প্রাণহানির জন্য তারা দায়ী করেন ‘মিথ্যুক’ বুশকে।
