২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাওবাদীদের ধর্মঘটের ডাকে পশ্চিমবঙ্গসহ চার রাজ্যে নিরাপত্তা জোরদার

মাওবাদীদের ডাকা ধর্মঘট ঘিরে ভারতের পশ্চিমবঙ্গসহ আশপাশের চারটি রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নন্দিগ্রাম হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার ধর্মঘটের ডাক দিয়েছে মাওবাদীরা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 07:45 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

পুলিশ জানিয়েছে, মাওবাদীরা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে ধর্মঘট সমর্থনের আহ্বান জানিয়ে প্রচারপত্র ছেড়েছে। চিঠি দেওয়া হয়েছে রাজ্যগুলোর প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের কাছে। ওই চিঠিতে সবাইকে ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়।

ধর্মঘট ঘিরে ব্যাপক সংঘর্ষের আশঙ্কায় রাজ্যগুলিতে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী সদস্য।

কলকাতা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এ কে মালিওয়াল রোববার রয়টার্সকে বলেন, “সাম্প্রতিক ঘটনাগুলোকে পুঁজি করে মাওবাদীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রয়াস চালাতে পারে। তবে আমরা সতর্ক রয়েছি।”

মাওবাদীরা হুমকি দিয়েছে, শিল্পের জন্য জমি অধিকরণের যে কোনো চেষ্টা তারা ঠেকাবে।

এদিকে রোববার পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটার প্রস্তাবিত গাড়ি কারখানার একটি সীমানা প্রাচীর বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। পুলিশের ধারণা, মাওবাদীরাই ওই হামলা চালিয়েছে।