ভারতের ছত্তিশগড়ে শক্তির মহড়া দিল মাওবাদীরা
্তিশগড়ের রানীবোদির পুলিশ ক্যাম্পটির দেয়াল আর মেঝেতে এখনো ছোপ ছোপ রক্তের দাগ, গুলিতে ঝাঁঝরা হয়ে পলেস্তারা খসে গেছে এখানে সেখানে। ভাঙ্গা দরজা জানালা, লণ্ডভণ্ড হয়ে যাওয়া আসবাব- সবকিছুতেই স্পষ্ট সেদিনের তাণ্ডব। এ ধ্বংসযজ্ঞ দেখলে বোঝা যায় কতোটা ভয়াবহ আক্রমণে সেদিন প্রাণ হারিয়েছেন ৫৫ জন পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য। গত সপ্তাহে রানীবোদির পুলিশ ক্যাম্পে এ হামলাকে ভারত সরকারের প্রতি মাওবাদীদের শক্তির মহড়া হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মাওবাদীদের এ হামলায় তিনটি বুলেট আর দুবার বেয়নেটের আঘাত নিয়েও প্রাণে বেঁচে গেছেন পুলিশ সদস্য মহেন্দ্র কুমার উদয়। তার ভাষায় ‘মৃতদের পাহারা দেওয়ার জন্যই সম্ভবত প্রাণে বেঁচে গেছি আমি।’ ফুসফুস, পাকস্থলী আর মেরুদণ্ডে মারাত্মক ক্ষত নিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।
রানীবোদিতে সেদিন প্রায় ৭০ জন পুলিশ ও আদিবাসী আধাসামরিক বাহিনীর সদস্য হামলার শিকার হয়েছিলেন। বৃহস্পতিবার তিনশ থেকে চারশ মাওবাদী বিদ্রোহী হানা দেয় রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের একটি পুলিশ ফাঁড়িতে। তারা গ্রেনেড ও পেট্রোল বোমা ছুড়ে পুরো ফাঁড়ি জ্বালিয়ে দেয় এবং পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের হত্যা করে।
ছত্তিশগড় ও এর দক্ষিণাঞ্চলের জঙ্গল প্রায় চার থেকে সাড়ে চার হাজার মাওবাদী গেরিলার অভয়ারণ্য। এখানকার বিভিন্ন দুর্গম স্থানে শক্ত ঘাঁটি রয়েছে তাদের।
ভারতের পশ্চিমবঙ্গের নকশালবাড়ীতে ৪০ বছর আগে এক কৃষক বিদ্রোহের মধ্য দিয়ে এ আন্দোলন শুরু করেছিল মাওবাদীরা। নকশালবাড়ীর নামানুসারে ওই আন্দোলনের নাম হয়ে যায় নকশালবাড়ী আন্দোলন। এ ধারার বিপ্লবীরা ‘নকশালপন্থী’ বা সংক্ষেপে ‘নকশালী’ হিসেবে পরিচিতি পায়। এখন ভারতে নকশালী গেরিলাদের সংখ্যা প্রায় বিশ হাজার। পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে মাওবাদী নকশালীরা ছড়িয়ে পড়েছে ভারতের প্রায় অর্ধেক রাজ্যে।
ছত্তিশগড়ে রানীবোদীর এ হামলাকে নিজেদের জন্য একটি স্বাধীন অঞ্চল গঠনের দিকে বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দিল্লীর ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এর বিশেষজ্ঞ অজয় সাহনি বলেন, “ছত্তিশগড়ে নিজেদের জাতীয় কমান্ড সেন্টার গড়ার চেষ্টা করছে মাওবাদীরা। নিজেদের প্রথম স্বাধীন অঞ্চল হিসেবে ওই এলাকাকে প্রতিষ্ঠিত করতে চাইছে তারা।”
তাই গেরিলাদের সঙ্গে লড়তে নতুন কৌশল নিয়েছে সরকার। স্থানীয় দরিদ্র আদিবাসীদের সংগঠিত করে একটি আধা সামরিক বাহিনী গঠন করা হয়েছে। এ আধাসামরিক বাহিনীর সদস্য প্রায় পাঁচ হাজার। তাদের মাসিক বেতন দেওয়া হয় পনেরশ রুপি। তবে তাদের অস্ত্র দেওয়া হয়নি। এক্ষেত্রে তীর ধনুকই তাদের ভরসা।
গেরিলাদের প্রতি স্থানীয় আদিবাসীদের অবশ্য এক ধরনের সমর্থন আছে। কিন্তু এখন নগদ অর্থের বিনিময়ে হলেও আদিবাসীদের একটা অংশকে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছে গেরিলারা।
