২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের প্রেসিডেন্টকে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ভিসা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার জন্য ভিসার জন্য আবেদন করার পর আহমাদিনেজাদকে ভিসা দেওয়া হবে বলে সোমবার জানায় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 08:45 AM

Updated : 26 Apr 2022, 02:09 PM

প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং আরও ৩৯ জনকে ভিসা দেবে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে ১৩ জন শীর্ষ কূটনীতিবিদ এবং ২৬ জন নিরাপত্তা কর্মী। এছাড়া, সোমবার ইরান তার ৩৩ জন বিমান ক্রুর জন্য ভিসা চেয়ে আবেদন জানিয়েছে। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন আছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিন ম্যাকরম্যাক জানান।

“আমরা প্রেসিডেন্ট আহমাদিনেজাদের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার ইচ্ছাকে বাধাগ্রস্ত করতে চাই না,” বলেন তিনি।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং দেশটির ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতেই প্রেসিডেন্ট আহমাদিনেজাদ যুক্তরাষ্ট্র সফরে তার আগ্রহ প্রকাশ করেন।

এ সফরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাতে না গিয়ে আলোচনার টেবিলকেই প্রাধান্য দেবেন মাহমুদ আহমাদিনেজাদ- এরকম আশাই করছেন ম্যাকরম্যাক। এছাড়া, পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধে সম্মত হয়ে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, রাশিয়া ও চীন এবং জার্মানির সঙ্গে আলোচনার পথে এগিয়ে যেতে এই সফর উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন তিনি।