নেপালে মাওবাদীদের বিরুদ্ধে বিক্ষোভ
নেপালে মাওবাদী রাজনৈতিক কর্মীদের চাঁদা না দেওয়ায় এক হোটেল ব্যবসায়ীকে পিটানোর প্রতিবাদে মঙ্গলবার বিশাল বিক্ষোভ হয়েছে রাজধানীতে। হোটেল ব্যবসায়ী দোকান মালিকসহ হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভের সমর্থনে দোকানপাট, কলকারখানা ও ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকে কাঠমান্ডুতে।
সরকারের সঙ্গে শান্তি চুক্তির পর মাওবাদীদের বিরুদ্ধে কাঠমান্ডুতে এটাই এ ধরনের সবচেয়ে বড় বিক্ষোভ। বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠন ও দোকান মালিকরা এ বিক্ষোভের আয়োজন করেন।
মাওবাদী শ্রমিক ইউনিয়ন নেতারা বলেছেন, ওই হোটেল ব্যবসায়ীকে পিটানোর ঘটনায় দুই কর্মীকে ইতোমধ্যেই বরখাস্ত করেছে তারা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন শ্রমিক নেতারা।
‘মাওবাদী মাস্তানি বন্ধ কর’, ‘মাওবাদীদের বাড়াবাড়ি রুখো’ এ ধরনের প্লাকার্ড নিয়ে শ্লোগানে শ্লোগানে রাজপথে নেমে আসে কয়েক হাজার মানুষ। কিন্তু চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান করে মাওবাদীরা বলছেন, যেকোনো ব্যক্তির কাছ থেকেই ‘স্বেচ্ছাসেবামূলক সহায়তা ও অর্থ নিয়ে থাকে তারা’। দল পরিচালনার জন্য এভাবেই গণচাঁদার মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয় বলে তারা জানান।
নেপাল হোটেল অ্যাসোসিয়েশনের প্রধান প্রকাশ শ্রেষ্ঠা বলেছেন, “এ ঘটনার প্রতিবাদে বুধবার থেকে হোটেলগুলোতে নতুন করে বুকিং নেওয়া বন্ধ রাখা হবে।” বর্তমানে অবস্থানরত অতিথিদের হোটেল ছেড়ে যাওয়ার জন্য সাতদিন সময় বেঁধে দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময়ের মধ্যে বিষয়টির সুরাহা না হলে বা সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া না হলে সাতদিন পর নেপালে কোনো হোটেলে কোনো অতিথিকে থাকার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি।
