২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মন্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রাদেশিক সমাজকল্যাণ মন্ত্রী জিল এ হুমাকে হত্যার দায়ে পাকিস্তানি আদালত ইসলামি চরমপন্থী মোহাম্মদ সারওয়ারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সেদেশের পুলিশ সূত্র মঙ্গলবার একথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 06:39 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

পাঞ্জাব প্রদেশের মন্ত্রী ও নারী অধিকার কর্মী জিল এ হুমাকে একটি নাগরিক সমাবেশে গুলি করে হত্যা করা হয় ২০ ফেব্র“য়ারি।

অসংখ্য প্রতক্ষ্যদর্শীর সামনে মন্ত্রীকে হত্যাকারী মোহাম্মদ সারওয়ার পরে পুলিশকে জানায়, ‘নারীর শাসনক্ষমতা গ্রহণ আল্লাহর শিক্ষার পরিপন্থী।’

মাসব্যাপী শুনানির শুরুতে সে নিজেকে নির্দোষ দাবি করেছিল।

সন্ত্রাসবিরোধী আদালত এই রায় দেওয়ার পর তদন্তের নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা মুনীর আকবর জানিয়েছেন, “সারওয়ার শান্তভাবেই প্রদত্ত রায় শুনেছে এবং কোনো মন্তব্য করেনি।”

কয়েকজন পতিতা হত্যাসহ তার বিরুদ্ধে আরও ছয়টি হত্যার অভিযোগের তদন্ত করেছে পুলিশ। তবে সাক্ষ্য - প্রমাণের অভাবে এর আগে কখনই তার শাস্তি হয়নি।

নারী শিক্ষায় পাকিস্তান এখনও অনেক পিছিয়ে আছে। নারী জনগোষ্ঠীর প্রায় দুই - তৃতীয়াংশ অশিক্ষিত। দেশের দরিদ্র  ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে তারা নিয়মিতই বঞ্চনা আর নির্যাতনের শিকার হয়। এ অবস্থা দূর করতে প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ ১৬ কোটি মুসলিমের দেশ পাকিস্তানে নারীর ক্ষমতায়নের শপথ নিয়েছেন।