ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে দ্রুত সিদ্ধান্ত চায় জার্মানি, চীন
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে দ্রুত সিদ্ধান্ত চায় জার্মানি ও চীন। দুই দেশের নেতারা সোমবার টেলিফোনে আলাপকালে এ বিষয়ে একমত হন বলে জার্মান সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিৃবতিতে বলা হয়, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও সোমবার টেলিফোনে কথা বলেন। তারা এ ব্যাপারে একমত হন যে নিরাপত্তা পরিষদে ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে উত্থাপিত খসড়া প্রস্তাবটি শিগগিরই অনুমোদন করা উচিত।
“দুই নেতা ইরানের পক্ষ থেকে অপর্যাপ্ত সহযোগিতা প্রশ্নে একমত হন। তারা একমত হন যে নিরাপত্তা পরিষদে বর্তমানে আলোচনাধীন ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে উত্থাপিত খসড়া প্রস্তাবটি শিগগিরই অনুমোদন করা উচিত। ইরান সঙ্কটের রাজনৈতিক সমাধান প্রশ্নে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রচেষ্টা চালানোর ব্যাপারেও দুই নেতা একমত হন।”
এদিকে, নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দক্ষিণ আফ্রিকা ইরানের বিরুদ্ধে বড় বড় সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বাতিল করার আহ্বান জানিয়েছে। এ বিষয়টি বিশ্বশক্তিগুলো খসড়া প্রস্তাবে সংযুক্ত করেছিল।
