যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির সংস্কার প্রয়োজন: বিল গেটস
যুক্তরাষ্ট্রের উচিত অভিবাসন সংক্রান্ত আইন পরিবর্তন ও সংশোধন করা। এমনই মনে করেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। বুধবার মেক্সিকো সিটিতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
অভিবাসন নীতির সংস্কারের পাশাপাশি দক্ষতাসম্পন্ন বিদেশি শ্রমিকদের জন্য বিধি নিষেধ শিথিল করারও পক্ষপাতি বিল গেটস।
তিনি বলেন, “আমি মনে করি দক্ষ জনগোষ্ঠীর জন্য পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার বিশেষ সুযোগ- সুবিধা থাকা দরকার। কারণ চলাফেরার স্বাধীনতা একজন শ্রমিক বা কর্মীকে বৈশ্বিক সংস্পর্শের কাছাকাছি নিয়ে যায়, যা তার দক্ষতা বাড়িয়ে তোলে।”
বিল গেটস বলেন, “অভিবাসন নীতিমালা সংশোধন আমাদের জন্য সহায়ক হবে বলেই আমি মনে করি।”
যুক্তরাষ্ট্রে এখন প্রায় ১ কোটি ২০ লাখ মেক্সিকান রয়েছেন। তবে অভিবাসীদের অবৈধ প্রবেশ রোধে সীমান্তে যুক্তরাষ্ট্রের প্রাচীর নির্মাণের পরিকল্পনায় বেশ শঙ্কিত মেক্সিকো।
