২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক ধর্মঘটে অচল ইসরায়েল

ধর্মঘটে অচল হয়ে পড়েছে ইসরায়েলের জনজীবন। দেশটির শক্তিশালী ‘হিসতাদ্রুত’ শ্রমিক ইউনিয়নের ডাকা এ ধর্মঘটে বুধবার সারাদেশে রেল ও বাস চলাচল বন্ধ হয়ে যায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 03:07 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ধর্মঘটে সরকারি অফিস আদালতের কাজকর্মও স্থবির হয়ে পড়েছে এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমান বন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে।

কয়েকহাজার মিউনিসিপাল কর্মীকে দীর্ঘদিন ধরে বেতনভাতা না দেওয়ার প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্ট কালের এ ধর্মঘট ডাকা হয়। সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও সরকারের সঙ্গে আলোচনার জন্য তা তিন ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। তবে সে আলোচনা ভেস্তে যায়।

এদিকে এ ধর্মঘট প্রত্যাহারের আদেশ দিতে আদালতের কাছে আবেদন করেছে সরকার। বুধবার সকালে এ আবেদনের শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

হিসতাদ্রুত মুখপাত্র জিহাদ আকেল বলেছেন, “বিভিন্ন স্থানে শ্রমিকরা ধর্মঘটে যোগ দিয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে শ্রম আদালত থেকে ধর্মঘট বিষয়ে কী নির্দেশনা আসে, তা আমরা দেখব। তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

ইসরায়েল রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে বুধবার সকালে একথা বলেন তিনি।

শ্রমিকদের বেতনভাতা না দেওয়ার বিষয়টির জন্য স্থানীয় কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছে সরকার।

একমাস আগে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হলেও শেষ মুহূর্তে এসে মঙ্গলবার হিসতাদ্রুত চেয়ারম্যান ওফার আইনি এর সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ওলমার্টের এক কর্মকর্তা। কিন্তু তাতেও কোনো সমঝোতা হয়নি।

ধর্মঘট অব্যাহত থাকলে শনিবার অনুষ্ঠেয় ইউরো কাপের ইসরায়েল- ইংল্যান্ড ম্যাচ বাধাগ্রস্ত হতে পারে। ওই খেলা দেখার জন্য প্রায় ৪ হাজার দর্শকের ইসরায়েল আসার কথা রয়েছে।