২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞায় সমর্থন দেবে না রাশিয়া

ইরানের বিরুদ্ধে ‘অতিরিক্ত নিষেধাজ্ঞা’ আরোপ করা হলে তাতে সমর্থন দেবে না রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে প্রস্তাবিত দ্বিতীয় দফা নিষেধাজ্ঞায় নতুন করে নানা শর্ত জুড়ে দেওয়া সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার তার দেশের অবস্থানের কথা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 04:12 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষে বক্তব্য দেওয়ার সময় ল্যাভরভ বলেন, “দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়া নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা প্রস্তাবে যেসব বিষয় সংযোজন করতে চেয়েছে তা অবশ্যই বিশেষভাবে বিবেচনা করে দেখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে পরমাণু বিস্তার রোধের বৈশ্বিক নীতিমালাও এর সঙ্গে সংশ্লিষ্ট। তাই বিষয়গুলো গঠনমূলকভাবে বিবেচনা করে দেখবো আমরা।”

“ইরানের ওপর পর্যায়ক্রমে ও আনুপাতিকহারে ব্যবস্থা নেওয়ার পক্ষে এর আগে সম্মত হয়েছি আমরা। কিন্তু অতিরিক্ত নিষেধাজ্ঞা আনা হলে তাতে সমর্থন দেবে না রাশিয়া।”