২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে ধনী দেশগুলোকে ছাড় দেওয়ার আহ্বান ভারতের

বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনা এগিয়ে নিতে ধনী দেশগুলোকে আরও ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। জাকার্তায় উন্নয়নশীল দেশগুলোর ফোরাম জি৩৩ এর এক বৈঠক চলাকালে বুধবার এ আহ্বান জানান ভারতের বাণিজ্যমন্ত্রী কমল নাথ। বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ডের আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে একটি যৌথ সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে জি৩৩ ভুক্ত দেশগুলো মিলিত হয়েছে জাকার্তায়। মঙ্গলবার শুরু হয় এ বৈঠক।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 04:01 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বিশ্ব বাণিজ্য আলোচনার অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, “বিষয়টা আমাদের ওপর নির্ভর করছে না। প্রশ্নটা হবে ধনী দেশগুলো আলোচনা এগিয়ে নিতে আন্তরিক কিনা। তারা যদি না চায় তাহলে আলোচনার অগ্রগতি সুদূরপরাহতই হবে। তবে যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে ধনী দেশগুলো আন্তরিক হলে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।”

ভারতের মন্ত্রীর মতো একই ধরনের মত ব্রাজিলেরও। সেদেশের পররাষ্ট্রমন্ত্রী চেলসি আমোরিম বলেছেন, “উন্নয়নশীল দেশগুলোর পক্ষে কথা বলতে গিয়ে আমি বলতে পারি, আমরা আলোচনা এগিয়ে নিতে আন্তরিক। তবে মূল দায়িত্ব বড় দেশগুলোর ওপরই।"

বৈঠক উদ্বোধনকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টও কৃষি ভর্তুকির বিষয়ে উন্নত দেশগুলোকে ছাড় দেওয়ার অনুরোধ করেন। এ বিষয়ে উন্নয়নশীল দেশগুলোকেও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৃষি ভর্তুকি নিয়ে মতবিরোধে ছয় মাস স্থগিত থাকার পর এ বছরের জানুয়ারিতে পুনরায় শুরু হয় বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ডের আলোচনা।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুক্ত বাণিজ্য উন্নয়নের আলোচনার অধিকারপ্রাপ্ত কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে এ বছরের জুন মাসে। এর ভেতরেই তারা এই প্রস্তাবকে গ্রহণ কিংবা বর্জনের সিদ্ধান্ত নেবে। জুনের মধ্যে কোনো সিদ্ধান্ত না হলে এ আলোচনার পরিসমাপ্তি ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাকার্তায় অবস্থানরত ইউরোপীয় ট্রেড কমিশনার পিটার ম্যান্ডেলসন বিষয়টি নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “আমি তাদের সঙ্গে (জি ৩৩) এ বছরের প্রথমে শুরু হওয়া জি৪ এর আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ করব। আমার ধারণা, যদিও আলোচনায় অগ্রগতি হয়েছে, তারপরও আমাদের হাতে খুব বেশি সময় নেই।”

জি৪ বলতে তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতকে বুঝিয়েছেন।

বাণিজ্য আলোচনা নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের তৎপরতা লক্ষ্যণীয়। মূলত কৃষি ভর্তুকি রদ বা কমিয়ে আনার বিষয়েই আলোচনা তাদের আলোচনা কেন্দ্রীভূত।