শ্রীলংকায় সেনা ছাউনিতে গেরিলা হামলা, নিহত ১৭
শ্রীলংকার পূর্বাঞ্চলে কয়েকটি সেনা ছাউনিতে বুধবার হামলা চালায় তামিল টাইগাররা। এসময় সংঘর্ষে ৪ সেনাসহ কমপক্ষে ১৭ জন নিহত হন। আহত হন ৩০ জন। এর পরপরই কাছের জঙ্গলে গেরিলা ঘাঁটিতে বিমান আক্রমণ চালিয়েছে বিমান বাহিনী।
সেনা কর্মকর্তারা জানান, বাত্তিকালোয়ায় পাঁচটি সেনা ছাউনিতে গেরিলারা একযোগে হামলা চালালে সেনা সদস্যরাও প্রতিরোধ গড়ে তোলে। পরে তাপ্পিগালা জঙ্গলে গেরিলা ঘাঁটিতে বিমান থেকে বোমা বর্ষণ করে বিমান বাহিনী।
সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার প্রসাদ সামারাসিঙ্গে বলেন, “ভোরের দিকে গেরিলারা হানা দেয় এবং ছাউনিগুলোতে গোলাবর্ষণ শুরু করে। এসময় তারা মর্টারের গোলাও ছোড়ে। জবাবে সেনারা পাল্টা হামলা চালায়। তারা পিছু হটলে আমরা ৮ গেরিলার মৃতদেহ এবং বেশকিছু গোলাবারুদ উদ্ধার করি।”
তিনি জানান, “সংঘর্ষে ৪ সেনা নিহত এবং মর্টারের গোলার আঘাতে ৩ জন গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও ১৪ সেনা এবং ১১ জন বেসামিরিক নাগরিক সামান্য আহত হয়েছেন।” ওই হামলায় কমপক্ষে ৩০ গেরিলা গুরুতর আহত হয়েছে বলে দাবি করেছে সেনাবহিনী।
সামারাসিঙ্গে মনে করছেন, নিজেদেরকে কোনঠাসা অবস্থা থেকে বাঁচানোর জন্যই গেরিলারা এ হামলা চালিয়েছে।
তিনি জানান, জানুয়ারি মাসে বাত্তিকালোয়া শহরের কাছে গেরিলাদের শক্ত ঘাঁটির পতনের পর তারা তাপ্পিগালা জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছিল। এখন চারদিক থেকে সেনারা তাদের ঘিরে ফেলায় মরিয়া হয়ে এ হামলা চালিয়েছে গেরিলারা।
তবে এ ঘটনায় তামিলদের কোনো বিবৃতি এখনও পাওয়া যায়নি।
