জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় বিশেষ সম্মেলনের আহ্বান জাতিসংঘের
বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয় মোকাবেলায় বিশেষ আন্তর্জাতিক সম্মেলনের ডাক দিয়েছে জাতিসংঘ। বুধবার সংস্থার এ সংক্রান্ত দপ্তর এ প্রস্তাব দেয়। সংস্থা বলেছে, যদি রাষ্ট্রপ্রধানরা এতে অংশ নিতে অসম্মত হন, তবে উচ্চ পর্যায়ের মন্ত্রীদের নিয়ে সম্মেলনটি হবে।
জাতিসংঘের আবহাওয়া পরিবর্তন অধিদপ্তরের প্রধান ইয়োভো ডি বোয়ের বলেন, “জাতিসংঘ মহাসচিব বান কি মুন মঙ্গলবার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে একটা সম্মেলন অনুষ্ঠানের সম্ভাব্যতা যাচাইয়ে বিভিন্ন দেশে জাতিসংঘের বিশেষ দূত পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছেন।”
ডি বোয়ের জানান, উষ্ণায়ন ও আবহাওয়ার পরিবর্তন রোধের চেষ্টা জোরদারে বিভিন্ন উপায় খতিয়ে দেখছেন জাতিসংঘ মহাসচিব। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
তিনি বলেন, “সম্মেলনে যে রাষ্ট্রপ্রধানদেরই মিলিত হতে হবে এমন কথা নেই, শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণেও তা হতে পারে।”
বিশ্বের উষ্ণতা বৃদ্ধি যুদ্ধের মতো হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে কিছুদিন আগে মন্তব্য করেন বান কি মুন। তবে তখন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানিয়েছিলেন, এ নিয়ে কোনো সম্মেলন আয়োজনের পরিকল্পনা তাদের নেই।
তাহলে এখন কি মতের পরিবর্তন হয়েছে- এ প্রশ্নে ডি বোয়ের বলেন, “আমার মনে হয় না এটা মত পরিবর্তন। এ আলোচনায় ব্যাপক পরিসরে যেমন পররাষ্ট্র নীতি, বিদ্যুৎ, বাণিজ্য, পরিবহন অর্থনীতির সম্মিলিত অবদানে উষ্ণতা বৃদ্ধি রোধের পরিকল্পনার জন্য একটা উচ্চপর্যায়ের কর্মকর্তার নিয়ে বৈঠকের সম্ভবনা যাচাই করা হয়েছে।"
তবে বিপর্যয় মোকাবেলায় ব্যাপক সমর্থনের প্রয়োজন বলে মনে করেন ডি বোয়ের।
কিয়েটো সনদের আরও বর্ধিত করার জন্য বিশ্বব্যাপী আলোচনা জোরদারের দাবিও জানান তিনি। আগামী জুন মাসে আট জাতি সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আবহাওয়া পরিবর্তনের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে চান। ডি বোয়েরের মতে, ওই আলোচনাও প্রস্তাবিত সম্মেলনের ভিত্তি হতে পারে।
