পশ্চিমাদের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ বেনজির ও নওয়াজের
পাকিস্তানে প্রধান বিচারপতিকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সেদেশের নির্বাসিত দুই সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো ও নওয়াজ শরিফ। পাশাপাশি সামরিক শাসককে সমর্থন দিয়ে যাওয়ায় পশ্চিমা নেতাদের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগও আনেন তারা।
বুধবার লন্ডনে দুই ঘন্টাব্যাপী বৈঠক করেন পাকিস্তানের নির্বাসিত দুই নেতা। বৈঠক শেষে বেনজির ভুট্টো সাংবাদিকদের বলেন, “যদি আফগানিস্তানের গণতন্ত্র রক্ষার কথা বলা হয়, তবে পাকিস্তানেও গণতন্ত্র রক্ষার কথা বলতে হবে।”
এ নিয়ে পশ্চিমা নেতাদের দ্বিচারিতায় ক্ষোভ প্রকাশ করেন বেনজির। তিনি বলেন, “পাকিস্তান নিয়ে তারা অন্ধ সেজে বসে আছেন, যা আমাদের হতাশ করছে।”
বেনজির ভুট্টো বলেন, “পাকিস্তানের সামনে গভীর সাংবিধানিক সঙ্কট। পারভেজ মুশাররফ পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারবেন কি না, কিংবা তিনি সেনাপ্রধান থাকতে পারবেন কি না, আর প্রাক্তন প্রধানমন্ত্রীরা দেশে ফিরতে পারবেন কি না, বিষয়গুলোর সুরাহা হওয়া প্রয়োজন।”
নওয়াজ শরিফ বলেন,“আমরা যৌথভাবে এ স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর পারভেজ মুশাররফের নিষ্ঠুরতা বন্ধে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করব।”
পশ্চিমা নেতাদের আচরণে হতাশা প্রকাশ করে নওয়াজ শরিফ বলেন, “এক্ষেত্রে স্পষ্টতই দ্বৈত নীতি বিদ্যমান।”
বেনজীর ভুট্টো এবং নওয়াজ শরিফ দুই জনেই দ্রুত নির্বাচনের দাবি জানান। দেশে ফেরার ব্যাপারেও আশাবাদী তারা।
তারা দুজনেই বলেন, “পাকিস্তানে অতিসত্ত্বর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন।”
তাদের মতে, আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চলে তালিবানরা ঘাঁটি গেঁড়ে পাকিস্তানের নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিচ্ছে। নারী সংসদ সদস্যদের ওপর অব্যাহত হামলার নিন্দাও জানান তারা।
১৯৯৯ সালে রক্তপাতবিহীন সেনা অভ্যুত্থানের পর রাষ্ট্রক্ষমতা দখল করেন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফ। এরপর দুর্নীতির অভিযোগে নির্বাসনে পাঠানো হয় বেনজির ভুট্টো ও নওয়াজ শরিফকে।
ক্ষমতা গ্রহনের পর এখনই সবচেয়ে জটিল পরিস্থিতি সামাল দিতে হচ্ছে পারভেজ মুশাররফকে। প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্তের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন সারাদেশের আইনজীবীরা। পারভেজ মুশাররফের পদত্যাগও দাবি করছেন কারা। ওই ঘটনার প্রতিবাদে কয়েকজন বিচারক ও এটর্নি জেনারেলও পদত্য্গা করেন।
গত সোমবার টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকারে জেনারেল মুশাররফ জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানের যে ঘোষণা তিনি ইতোপূর্বে দিয়েছিলেন, তাতে তিনি অবিচল আছেন। পাশাপাশি জরুরি অবস্থা ঘোষণার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
তবে বেনজির ভুট্টো এবং নওয়াজ শরিফের মতে, পাকিস্তানের সাম্প্রতিক বিচার বিভাগীয় সঙ্কট প্রতিশ্র“ত নিবার্চন অনুষ্ঠানকে সংশয়ের মুখে ফেলেছে।
