অবরোধে চীনের দক্ষিণাঞ্চলে রেল চলাচল ব্যাহত
অঞ্চল পুনর্বিন্যাসে সরকারের পরিকল্পনার প্রতিবাদে জিয়াংজি প্রদেশে বিক্ষোভকারীরা রেলপথ অবরোধ করলে চীনের পাঁচটি প্রদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, দক্ষিণ চীনের জিয়াংজি প্রদেশের কয়েক শ’ লোক বুধবার গুইজি শহরের রেলপথ অবরোধ করে। ওই সময় তারা রেলস্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরও করে।
ফলে জিয়াংজি, সাংহাই, উনান, জিজিয়াং, হুনান এবং গুয়িঝোউ প্রদেশে রেল চলাচল মারাত্মক ব্যাহত হয়। ঘটনার দীর্ঘ সময় পরও শিল্পনগরী সাংহাইয়ের সঙ্গে উনান প্রদেশের কুনমিং শহরের রেল যোগাযোগ চালু করা সম্ভব হয়নি।
উত্তেজিত জনতাকে থামাতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অনেকে আহত হন।
বুধবারের ঘটনার পর থেকে গুইজি শহরে উত্তেজনা বিরাজ করছে। শহরবাসীর দাবি, তাদের শহরকে ইয়েহু জেলার অন্তর্ভুক্ত করা চলবে না।
তাদের অভিযোগ, মতামত ছাড়াই তাদের শহরকে দরিদ্র জেলা বলে পরিচিত ইয়েহু জেলার সঙ্গে জুড়ে দিচ্ছে সরকার। তবে সরকার বলছে, এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।
