এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার চান না ইরাকি ভাইস প্রেসিডেন্ট
এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার চান না ইরাকি ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাশেমি। তার আশঙ্কা, তাড়াহুড়ো করে সেনা প্রত্যাহার করলে ইরাক পরিস্থিতির আরও অবনতি ঘটবে।
চার দিনের রাষ্ট্রীয় সফরে ইরাকি ভাইস প্রেসিডেন্ট এখন টোকিও রয়েছেন। বৃহস্পতিবার সেখানে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব নেওয়ার সক্ষমতা অর্জন না করা পর্যন্ত ইরাকে যৌথবাহিনীর উপস্থিতি প্রয়োজন।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এর আগেই যদি মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী ইরাক ছেড়ে যায়, তবে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে।”
তারেক আল হাশেমি মনে করেন, এ মুহূর্তে ইরাকি সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব নিতে সক্ষম নয়।
তবে ইরাক থেকে সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার পক্ষপাতি তিনি। তার মতে, সেনা প্রত্যাহারের পরিকল্পনা এমন হওয়া উচিত, যেন একই সময়ে ইরাকি বাহিনীও প্রয়োজনীয় সামর্থ্য অর্জন করতে পারে।
ইরাকি ভাইস প্রেসিডেন্ট বলেন, “প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র দপ্তর ঢেলে সাজানোর জন্য আমাদের এক বছর, দুই বছর যে সময়ই লাগুক না কেন, সে পর্যন্ত যৌথবাহিনীর উপস্থিতি চাই আমি।”
ইরাকে গৃহযুদ্ধ বেঁধে গেলে তা আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে ঠেলে দেবে বলে সতর্ক করেন তিনি।
শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তারেক হাশেমির সাক্ষাতের কথা। সক্ষাতকালে ইরাকে যৌথবাহিনীকে সহায়তার জন্য জাপানের বিমান বাহিনীর কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানাবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
