সিআইএ তথ্য ফাঁস মামলায় দোষী প্রমাণিত লিব্বি
মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার অপরাধে ‘সিআইএ তথ্য ফাঁস মামলায়’ মঙ্গলবার দোষী প্রমাণিত হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির সাবেক প্রধান কর্মকর্তা লিউইস লিব্বি। অপরাধের শাস্তি হিসেবে কয়েক বছরের জেল হতে পারে লিব্বির। এ ঘটনাকে ইরাক যুদ্ধ নিয়ে বুশ প্রশাসনের অপতৎপরতা ও ব্যর্থতার সর্বশেষ নজির হিসেবে অভিহিত করেছে ডেমোক্রেটরা।
তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মাত্র একটিতে খালাস পান লিব্বি। সিআইএ বিশ্লেষক ভালেরি প্লামে’র পরিচয় ফাঁস মামলার তদন্তকে বাধাগস্থ করার একটি অভিযোগ, আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার দুইট অভিযোগসহ এফবিআই--এর কাছে মিথ্যা তথ্য দেওয়ার একটি অভিযোগে দোষী প্রমাণিত হন তিনি।
সিআইএ বিশ্লেষক ভালেরি প্লামে’র স্বামী সাবেক রাষ্ট্রদূত জোসেফ উইলসন ২০০৩ সালে বুশ প্রশাসনের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য বিকৃতির অভিযোগ আনার পর ভালেরির পরিচয় ফাঁস করে দেওয়া হয়। উইলসন অভিযোগ করেছিলেন যে, ইরাকে গণবিধ্বংসী মারণাস্ত্র থাকার বিষয়ে গোয়েন্দা তথ্য বিকৃতি করে ইরাক যুদ্ধের ক্ষেত্র তৈরী করতে চেয়েছিল বুশ প্রশসন।
ওই ঘটনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির তৎকালীন প্রধান কর্মকর্তা লিব্বির বিরুদ্ধে চার্জ গঠন করা হয় ২০০৫ সালের অক্টোবরে। কয়েকবছর ধরে মার্কিন প্রশাসনের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে জুরিদের বিশেষ শুনানির ১০ম দিনে মঙ্গলবার এ রায় দেয় মার্কিন আদালত।
লিব্বির আইনজীবী থিওডর ওয়েলস বলেছেন, নতুন বিচার প্রক্রিয়া দাবি করবেন লিব্বি। তবে তা প্রত্যাখ্যান করা হলে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।
ডেমোক্রেট নেতা মার্কিন হাউস অফ রিপ্রেজেনটেটিভের স্পিকার ন্যান্সি প্যালোসি বলেছেন,“জাতীয় নিরাপত্তার স্পর্শকাতর তথ্য সংরক্ষণে বুশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের ব্যর্থতা এবং ইরাক যুদ্ধের সমালোচকদের বিরুদ্ধে তাদের বিষোদগারের একটি বাস্তব চিত্র নির্ভুলভাবে উদঘাটিত হয়েছে এ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে।”
সিনেটের ডেমোক্রেট নেতা হ্যারি রেইড বলেছেন, “ বুশ প্রশাসনের অন্তত কোনো একজনকে জবাবদিহিতার মুখোমুখি করার এটাই সময়।”
