ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জন নিহত
ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে বুধবার কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন। রাজধানী জাকার্তা থেকে ছেড়ে আসা গারুড়া এয়ারলাইন্সের উড়োজাহাজটি ইয়োগাকার্তা বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানটিতে। সাত জন ক্রু ও ১৭ জন বিদেশিসহ এতে মোট আরোহী ছিলেন ১৪০ জন।
গারুড়া এয়ারলাইন্সের প্রধান মুখপাত্র পুজোব্রত জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭টার দিকে ইয়োগাকার্তা বিমান বন্দরে অবতরণের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়। বোয়িং- ৭৩৭ উড়োজাহাজটিতে মোট ১৪০ জন আরোহী ছিলেন বলে তিনি জানান।
উড়োজাহাজটিতে ইন্দোনেশীয় ছাড়াও ছিলেন আটজন অস্ট্রেলীয়, দুই জন জাপানি এবং ব্র“নেই এর দুই জনসহ আরও নয় জন বিদেশি নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।
ইয়োগাকার্তা প্রদেশের সচিব বামবাং সুসান্তো জানান, বিমানটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই মারা যান ৪৮ জন যাত্রী। অপর একজন মারা যান হাসপাতালে। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী জ্বলন্ত বিমান থেকে লাফিয়ে বের হয়ে আসেন। এতে কয়েক জন আহত হন। তাদের সারজিতো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানটিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার ডাওনারের সফরসঙ্গী কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকদের একটি বড় দল ছিল বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। তবে আলেক্সান্ডার ডাওনার বিমানে ছিলেন না বলে নিশ্চিত করেছেন তারা।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ডিন সিয়ামসুদিন ‘এলশিনতা’ রেডিওকে দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “বিমান থেকে বের হওয়ার সময় অনেক যাত্রী তাদের হাত ব্যাগ ও ছোটোখাটো লাগেজ নিতে চাচ্ছিলেন। আমি তাদের বারবার বলছিলাম, তাড়াতাড়ি বের হন! তাড়াতাড়ি বের হন!”
“এ সময় ধোঁয়ার জন্য কিছু দেখা যাচ্ছিল না। প্রাণ বাঁচাতে আমি একটি ধানক্ষেতের মধ্যে লাফিয়ে পড়ি” বলেন সিয়ামসুদিন।
রাজধানী জাকার্তা থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ইয়োগাকার্তা পর্যটকদের প্রিয় শহর হিসেবে পরিচিত।
