২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র - দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া এ মাসে

এ মাসেই তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ মহড়াকে কোনোভাবেই উত্তর কোরিয়ার প্রতি উস্কানিমূলক নয় বলে দাবি করেছে দেশটি। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান মার্কিন সেনা কর্মকর্তারা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

মার্চের ২৫ থেকে ৩১ তারিখে ‘আরএসওআই’ ও ‘ফোল ঈগল’ নামের ওই মহড়া শুরু হবে। গত কয়েক বছর ধরে কোনো বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই নিয়মিতভাবে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

এবারের প্রশিক্ষণ মহড়ায় ২৯ হাজার মার্কিন সেনা অংশ নেবে বলে জানানো হলেও দক্ষিণ কোরীয় সেনাদের সংখ্যা জানানো হয়নি। দক্ষিণ কোরিয়ার বাইরে থাকা ছয় হাজার মার্কিন সেনা এবং একটি বিমানবাহী মার্কিন যুদ্ধজাহাজও অংশ নেবে মহড়ায়।

দেশটির ছয় লাখ ৭০ হাজার সেনাকে সহায়তা দিতে প্রায় ৩০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে দক্ষিণ কোরিয়ায়।

উত্তর কোরিয়ার প্রতি চাপ বাড়ানোর উদ্দেশ্যেই এ ধরনের সামরিক মহড়া চালানো হচ্ছে বলে এর আগে অভিযোগ করে আসছিল পিয়ংইয়ং। তবে সম্প্রতি তারা জ্বালানি তেল ও ভাল কূটনৈতিক সম্পর্কের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধ করতে রাজি হয়েছে। উত্তর কোরিয়ার বর্তমান সেনা সংখ্যা প্রায় ১২ লাখ।